আবুধাবিতে বুধবার টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড, তাও ৬ বল হাতে রেখে। ১১ বলে ২৭ রানের টর্নেডো ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম রূপকার জেমস নিশাম। ৪৭ বলে ৭২ রান করে ড্যারিল মিচেল ম্যাচসেরা হলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের চোখেও আসল নায়ক নিশাম। অসম্ভবকে সম্ভব করার কাজটি তার হাতেই শুরু। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নিশামেরই জয়ধ্বনি।
নিশাম যখন ক্রিজে এলেন তখন দলের প্রয়োজন ২৯ বলে ৫৯ রান। প্রথমেই তাকে ওয়াইড দিলেন লিয়াম লিভিংস্টোন। পরের বল মিডউইকেটে বল ঠেলে নিতে পারলেন মাত্র এক রান। একটি ওয়াইড ও একটি সিঙ্গেল রান ওই সময়ে দলকে যথেষ্ট সাহায্য করেনি, দলের ওভারপপ্রতি প্রয়োজন দাঁড়ায় ১৪ রান!
নিজের ওপর বর্তানো কঠিন দায়িত্বটা নিশাম জানেন এবং বলে হিট করার সামর্থ্য আছে বলেই পরের বলটিকে আছড়ে মারলেন সীমানার ওপারে। যদিও বলটিতে ঠিকমতো টাইমিং ঘটাতে পারেননি এবং অনেকটা অস্বস্তি নিয়েই তিনি খেলেছেন। তারপরও এটি টনিক হিসেবেই এসেছে। জেগে ওঠে নিউজিল্যান্ড। তখনো কিউইদের লাগে ২৩ বলে ৫১ রান। তাই একটি ছক্কাই যথেষ্ট ছিল না।
ওই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি ও চতুর্থ বলে বিশাল ছক্কা মেরে দলের আশা বাঁচিয়ে রাখেন নিশাম। ১৮তম ওভারে আদিল রশিদকে মিডউইকেট অঞ্চল দিয়ে আরেক ছক্কা হাঁকান তিনি। অবশ্য তার অতিমানবীয় ব্যাটিং ওই ওভারেই শেষ। ষষ্ঠ বলে রশিদের গুগলি বলে ব্যাট চালালে তা সরাসরি চলে যায় ইয়োন মরগানের বিশ্বস্ত হাতে।
বিদায় নিলেও নিউজিল্যান্ডকে অনেকটা নিরাপদ জায়গায় পৌঁছে দেন নিশাম। তখন শেষ দুই ওভারে দলের প্রয়োজন ছিল ২০ রানের। এক বল মোকাবেলা করে এক রান তুলেছেন মিচেল স্যান্টনার। ১৯তম ওভারের বাকি ৫ বল থেকে ১৯ রান নিয়ে নিউজিল্যান্ডকে স্মরণীয় এক জয় এনে দেন ড্যারিল মিচেল।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আর ইংল্যান্ড অধিনায়ক ইয়োন মরগান দুজনের মুখেই নিশাম স্তুতি। উইলিয়ামসন বলেন, নিশাম মাঠে নেমে বলকে সজোরে হিট করল এবং ম্যাচের গতিবেগটাই পাল্টে দিল। পরিশেষে এটাই আসলে ম্যাচের নির্ধারক হয়ে উঠেছে।
প্রতিপক্ষ দলের অধিনায়ক মরগান হার শেষে বলেন, কেন ও তার দলেরই পুরো কৃতিত্ব। নিশামের মতো এভাবে শুরু থেকেই ছক্কা মারার সামর্থ্য...পুরো কৃতিত্ব তার।










