বিশ্ব ফুটবলের হেভিওয়েট দল জার্মানির সময়টা মোটে ভালো যাচ্ছে না। দুর্বল ফলাফলের কারণে চাকরি হারালেন হেড কোচ হ্যান্সি ফ্লিক। তার জায়গায় নতুন কোচের দায়িত্ব পেলেন হুলিয়ান নাগেলসম্যান। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর ৯ মাস আগে নতুন হেড কোচ নিয়োগ করল জার্মানরা।

 

হ্যান্সি ফ্লিকের অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পায় জার্মানি। সম্প্রতি জার্মানির কাছে হোম ম্যাচে ৪-১ গোলে হেরে যায় জার্মানরা। লজ্জাজনক এই হারেই চাকরি যায় ফ্লিকের। এখন জার্মানদের গৌরব ফেরানোর দায় নাগেলসম্যানের কাঁধে।

 

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের গুরুভার এখন ৩৬ বছর বয়সী নাগেলসম্যানের কাঁধে। তিনি অবশ্য ফুটবলে পরীক্ষিত নাম। এরই মধ্যে হফেনহেইম, আরবি লিপজিগ ও সর্বশেষ বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন তিনি। এবার সামলাবেন জাতীয় দল।

 

আগামী ১৪ অক্টোবর ফিলাডেলফিয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জার্মানি অধ্যায় শুরু হবে নাগেলসম্যানের। এর তিনদিন পর জার্মানরা খেলবে মেক্সিকোর বিপক্ষে। আগামী বছর বড় চ্যালেঞ্জ তার সামনে। ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে বসবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আপাতত ২০২৪ সালের ইউরো পর্যন্তই জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে নাগেলসম্যানের।