থাইল্যান্ডে আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার ওপরে জিমি-রকিবুলরা।

 

ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে ফিল্ড গোল করে রকিবুল হাসান রকি বাংলাদেশকে এগিয়ে দেন। ১-০ গোলের লিড নিয়ে মধ্য বিরতিতে যায় লাল-সবুজরা। তৃতীয় ও শেষ কোয়ার্টারে কোনো গোল হয়নি। সিঙ্গাপুর একটি পেলান্টি স্ট্রোক পেয়েও গোল করতে ব্যর্থ হয়। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ হকি দল।

 

আগামী শনিবার বাংলাদেশ গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হিসেবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। এ গ্রুপের চ্যাম্পিয়ন ওমান। হংকং ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল হবে রানার্সআপ। বাংলাদেশের মুখোমুখি হবে তাদের বিপক্ষে।