পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৪ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এর জন্য আগেই শক্তিশালী দল ঘোষণা করেছিল অজিরা। তবে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলকে।
তাদের মধ্যে ম্যাক্সওয়েলের না খেলার কথা আগেই গণমাধ্যমে এসেছে। এর কারণ হলো, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অজি অলরাউন্ডার। অ্যাশেজের পর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অজিরা। তারপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ- যা কামিন্স, ওয়ার্নার ও হ্যাজেলউডদের শারীর ও মানে ধকল ফেলবে। এজন্য তাদের বিশ্রামে দেয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া বিবৃতি অনুসারে দলটির নেতৃত্বে থাকছেন অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালের পর ওয়ানডে দলে সুযোগ পেলেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে দারুণ অভিষেকের পর ওয়ানডেতেও অভিষেকের অপেক্ষায় জশ ইংলিস। নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েড নেই বলে টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দেখা যেতে পারে তাকে।
তিন তারকা পেসারের অনুপস্থিতিতে আক্রমণে দেখা যাবে শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিসকে।
পাকিস্তানে তিন ওয়ানডে খেলা হবে ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।
সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মার্কস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।










