বিশ্বকাপের সুপার এইটে রোববার সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

 

সুপার এইটের ‘গ্রুপ-১’-এ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৭ রানে হেরেছে আফগানিস্তান। অজিরা প্রথম ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে হারায় ২৮ রানে। মিচেল মার্শের দল রোববার দ্বিতীয় জয়ের খোঁজে, আর আফগানরা প্রথম জয়ের খোঁজে নামছে।

 

অজিরা জিতলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে। আফগানিস্তানও প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে জিততে মরিয়া হবে। রশিদ খানের দল এই ম্যাচটি জিতলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে।

 

এদিকে, আজ শনিবার রাতে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭ জুন দুটি সেমিফাইনাল, ২৯ জুন ফাইনাল।