বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ভোরে মাঠে নামছে দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার সঙ্গে, ব্রাজিল মাঠে নামছে এর ৪৫ মিনিট পর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সাও পাওলোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পৌঁনে ৭টায়।

আজ সকাল সাড়ে ৭টায় লিমায় স্বাগতিক পেরু খেলবে একুয়েডরের বিপক্ষে। এছাড়া ভোর ৫টায় স্বাগতিক উরুগুয়ে খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে আর রাত ২টায় বলিভিয়ার মাঠে খেলবে চিলি।

একমাত্র আর্জেন্টিনাই নির্ভার হয়ে খেলতে নামছে। লিওনেল স্কালোনির দল এরই মধ্যে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। গত ২৫ মার্চ বলিভিয়ার সঙ্গে উরুগুয়ে ড্র করলে আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে যায়। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এরপরেই রয়েছে একুয়েডর (২৪), প্যারাগুয়ে (২৪), ব্রাজিল (২২), উরুগুয়ে (২১), কলম্বিয়া (২১), ভেনেজুয়েলা (১৮), বলিভিয়া (১৪), পেরু (১১) ও চিলি (১০)। লাতিন অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপের টিকিট পাবে, সপ্তম স্থানধারী দলটি ফিফা প্লে-অফ টুর্নামেন্ট খেলবে। এই টুর্নামেন্টে ছয়টি দল দুটি টিকিটের জন্য লড়বে। উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চলের (কনকাকাফ) দুটি এবং এশিয়া, আফ্রিকা, লাতিন ও ওয়েশিয়া অঞ্চলের একটি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

বুধবারের ম্যাচে লিওনেল মেসিকে পাবে না আর্জেন্টিনা। যদিও এ নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার কোচ স্কালোনি। কলম্বিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন দল এমন একপর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা লিও (মেসি) থাকুক বা না-থাকুক, একইভাবে খেলতে পারি। যেটা আগে জটিল ছিল, কারণ, আমাদের কিছু খেলোয়াড় পরিবর্তন করতে হতো। এখন আমাদের সে (লাইনআপে পরিবর্তন) প্রয়োজন নেই, দল একই রকম। এটা ভালো বিষয়।’