টোকিওতে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখাল যুক্তরাষ্ট্র। মেয়েদের ১০০ মিটার জিতে দ্রুততম মানবী হওয়ার পাঁচদিন পর গতকাল ২০০ মিটারেও চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। এছাড়া গতকাল ছেলেদের ২০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখান একই দেশের নোয়াহ লাইলস।
২১.৬৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন জেফারসন-উডেন। ব্রিটেনের এমি হান্ট চমক দেখিয়ে ২২.১৪ সেকেন্ড টাইমিং করে রৌপ্য ও বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকার শেরিকা জ্যাকসন ২২.১৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। শেষ দিকে দুর্বল হয়ে পড়া শেরিকা জ্যাকসন রৌপ্য হাতছাড়া করেন। বাঁক ঘোরার পরপর অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন জেফারসন-উডেন। এর পরই তিনি ঝড় তুলে সবাইকে ছাড়িয়ে যান। তার টাইমিং সর্বকালের তালিকায় অষ্টম দ্রুততম। তিনি মারলিন ওটির চেয়ে এক ধাপ পেছনে আর অ্যালিসন ফিলিক্সের চেয়ে এক ধাপ ওপরে।
ছেলেদের ২০০ মিটারে টানা চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ২৮ বছর বয়সী লাইলস। গতকাল তিনি ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ত্রিমুখী চ্যালেঞ্জে তিনি উতরে যান। স্বদেশী কেনেথ বেদনারেক ছাড়াও প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন লেতসিলে তেবোগো ও জ্যামাইকার ব্রায়ান লেভেলকে হারাতে হয়েছে তাকে। বেদনারেক ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও লেভেল ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। তেবোগো ১৯.৬৫ সেকেন্ড টাইমিং করে লেভেলের পরেই ছিলেন।
এই প্রথম ছেলেদের ২০০ মিটারে তিন কিংবা চারজন ১৯.৭০ সেকেন্ডের নিচে এবং প্রথমবারের মতো পাঁচজন ১৯.৮০ সেকেন্ডের নিচে টাইমিং করেছেন।
এর আগে ২০১৯ সালে দোহায়, ২০২২ সালে ইউজেনিতে ও ২০২৩ সালে বুদাপেস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখান লাইলস। গত বছর প্যারিসে জিতেছেন ১০০ মিটারের স্বর্ণ। এবার তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। টোকিওতে এবার ১০০ মিটারে তিনি ব্রোঞ্জ জিতেছেন।
গতকাল মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তিনি সময় নেন ৫১.৫৪ সেকেন্ড। এটা তার ক্যারিয়ারের চতুর্থ দ্রুততম টাইমিং ও বড় আসরে দ্রুততম। যুক্তরাষ্ট্রের জেসমিন জোনস (৫২.০৮) ও স্লোভাকিয়ার এমা জাপলেতোভাকে (৫৩.০০) হারান ডাচ অ্যাথলেট ফেমকে বোল। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন।










