প্যারিস অলিম্পিকে ‘ম্যারাথন’ খ্যাত ১০ কিলোমিটার সুইমিংয়ে শ্রেষ্ঠত্ব দেখালেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রাউভেন্ডাল। শেষ মুহূর্তের ঝলকে তিনি স্বর্ণ জিতে নেন। আজ (৮ আগস্ট) ভোরে সিন নদীতে অনুষ্ঠিত এই ইভেন্টের ফাইনালে রাউভেন্ডাল সময় নিয়েছেন ২ ঘন্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার জনসন মোয়েশা রৌপ্য ও ইতালির তাদুচ্চি গিনেভরা ব্রোঞ্জ জিতেছেন।

 

২০১৬ সালে স্বর্ণজয়ী রাউভেন্ডাল ২০২১ সালের টোকিও গেমসে ০.৯ সেকেন্ডের জন্য স্বর্ণপদক হারান। সেবার তিনি রৌপ্যপদক জয় করেন। আবারো স্বর্ণ জিতলেন এই ডাচকন্যা। রেসের প্রায় পুরোটা সময় অজি সাঁতারু মোয়েশা জনসন কর্তৃত্ব করলেও শেষ মুহূর্তে জিতে যান রাউভেন্ডাল। জিতেছেন ৫.৫ সেকেন্ডের ব্যবধানে।

 

সিন নদীতে শুক্রবার ছেলেদের ম্যারাথন সাঁতার অনুষ্ঠিত হবে।