বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মা, তার শাশুড়ি ও তিন সন্তান ঢাকায় হাসপাতালে চিকিত্সাধীন। সংকটের সময় তার পরিবারের পাশে থাকার বিষয় নিয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ ফেরার কথা থাকলেও পরে মন পাল্টেছেন সাকিব, তিনি দেশে ফিরবেন বুধবার তৃতীয় ওয়ানডে খেলে।
জালাল ইউনুস বলেছেন, আপনারা জানেন, ওর পরিবারের একটা সংকটময় সময় কাটছে। এদিকে পরিবারের এই অবস্থা, ওই দিকে (বাংলাদেশের) খেলা চলছে। ও বুঝে উঠতে পারছে না কী করবে। মানসিকভাবে খুব স্ট্রেস যাচ্ছে
তার। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে খুব গুরুতর কিছু
হয়ে যায়। পরিস্থিতি এমন হতেও পারে, ওকে (আগেই) এখানে আসতে হতে পারে। তেমন পরিস্থিতি না হলে তৃতীয় ওয়ানডেতে অবশ্যই সে
খেলবে।
বিসিবির এ কর্মকর্তা আরো বলেন, অবশ্যই সাকিব যে সিদ্ধান্ত নেবে বোর্ড তার পাশে থাকবে। সবার কাছে তার পরিবার
আগে। এখানে একটা পারিবারিক সংকট চলছে। একজন তো না,
পরিবারের অনেকেই অসুস্থ। তাদের মধ্যে ছোট
বাচ্চারাও আছে। এই পরিস্থিতিতে সে যদি মনে করে,
এখানে ওর উপস্থিতি দরকার তাহলে অবশ্যই আমরা
চাইবো, ও চলে আসুক।
পরিবারের এমন সংকটকালে বিসিবির সিদ্ধান্ত
দেয়ার কোনো সুযোগ দেখেন না জালাল। তিনি জানান,
সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ক্রিকেটারই।
সেদিক থেকে সাকিব যে সিদ্ধান্তই নেবেন, তাতে পাশে পাবেন বিসিবিকে।
এই সফর থেকে সাকিব ছুটি চেয়েছিলেন, পেয়েছিলেনও ৪৫ দিনের জন্য। যদিও সমালোচনার মুখে পর ছুটি বাতিল করে ওয়ানডে ও
টেস্ট উভয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ আফ্রিকায় যান সাকিব। কিন্তু
পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় হয়তো টেস্ট সিরিজটা তার খেলা হবে না।










