পার্থ টেস্টে নাটকীয়তায় ভরা প্রথম দিন ভারতকে ১৫০ রানে অলআউট করার সুবিধা আদায় করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে শুক্রবার প্রথম দিন মাঠ ছাড়া স্বাগতিক দলটি আজ শনিবার দ্বিতীয় দিন ১০৪ রান করে অলআউট হয়ে যায়। এরপরই পার্থ স্টেডিয়ামের ‘ভয়ংকর’ সেই উইকেটই দ্বিতীয় দিন আমূল বদলে গেল! গতকাল ৫৭ ওভার ব্যাটিং করে ১৭২ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন ভারতের দুই ওপেনার জশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। প্রথম ইনিংসে যেখানে ১৫০/১০, দ্বিতীয় ইনিংসে সেখানে ১৭২/০!

জয়সোয়াল ও লোকেশের দৃঢ়তায় ভারতের লিড দুশ ছাড়িয়েছে। দ্বিতীয় দিনশেষে সফরকারীদের লিড ২১৮ রানের। জয়সোয়াল ১৯৩ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯০ এবং লোকেশ ১৫৩ বলে ৪ বাউন্ডারিতে ৬২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়ে।

এর আগে গতকাল সকালে অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন অধিনায়ক জশপ্রীত বুমরা। দলের সংগ্রহ তখন ৭০/৮। নাথান লায়নকে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরান অভিষিক্ত হরষিত রানা। এরপর জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক দলের সংগ্রহ একশ পার করান। অবশেষে সেই রানার আঘাতে শেষ হয় স্টার্কের লড়াই। তিনি ১১২ বলে ২৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। স্টার্কই দলের সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্যারি। ভারতের বুমরাহ ৩০ রানে ৫টি, রানা ৪৮ রানে ৩টি ও মোহাম্মদ সিরাজ ২০ রানে ২টি উইকেট নেন।