গত উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়েছেন কার্লোস আলকারাজ। সেই হারের প্রতিশোধ নেয়ার একটা সুযোগ দ্রুতই পেয়ে গেলেন জোকোভিচ। তাও রোলাঁ গারোঁয়। প্যারিস অলিম্পিক টেনিসে ছেলেদের ফাইনালে আজ মুখোমুখি হবেন এ দুই সুপারস্টার।
৩৭ বছর বয়সী জোকোভিচ শুক্রবার রাতে সেমিফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারান ৬-৪, ৬-২ গেমে। সার্বিয়ান সুপারস্টার ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতলেও অলিম্পিক ফাইনালে উঠলেন এ প্রথম। বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার অলিম্পিক স্বর্ণপদক যোগ করার হাতছানি তার সামনে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেও তিন বছর আগে টোকিও গেমসে তিনি চতুর্থ হন। এবার নিশ্চয়ই স্বর্ণপদকের জন্য মরিয়া হবেন জোকোভিচ।
যদিও তার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ২১ বছর বয়সী আলকারাজ। সেমিতে কানাডার ফেলিক্স অগার-আলিসিমেকে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান তিনি। দুই মাসের মধ্যে তৃতীয়বার বড় কোনো আসরের ফাইনাল খেলতে চলেছেন তিনি। এ ভেন্যুতে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনেও শিরোপা হাতে নিয়েছেন। এবার প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ গলায় তুলতে পারবেন কি?










