গল টেস্ট দাপটে জয়ের পর কলম্বোয় সিরিজের
দ্বিতীয় টেস্টেও প্রথম দিন বোলিংয়ে কর্তৃত্ব করল পাকিস্তান। আজ সোমবার প্রথম
ইনিংসে স্বাগতিক দলটিকে ১৬৬ রানে অলআউট করেছে অতিথিরা। লেগস্পিনার আবরার আহমেদ ৪টি
ও পেসার নাসিম শাহ ৩টি উইকেট নিয়ে স্বাগতিকদের অল্প রানে আটকে দিতে বড় ভূমিকা
রাখেন।
পরে পাকিস্তান প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪৫
রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে। ৮ উইকেট হাতে নিয়ে এখন মাত্র ২১ রানে পিছিয়ে সফরকারীরা।
আব্দুল্লাহ শফিক ৭৪ ও বাবর আজম ৮ রানে অপরাজিত রয়েছেন।
কলম্বোর উইকেট খুব যে আনপ্লেয়াবেল ছিল,
তেমনটি নয়। লংকানরা ১৬৬-তে গুটিয়ে যাওয়ার জন্য নিজেদেরই দায়ী করতে পারে। ১০
উইকেটের মধ্যে দুটিই ছিল রানআউট। আর ৮টি উইকেট তিনজন ভাগাভাগি করেন। নিশান
মাদুক্ষর রানআউটের মধ্য দিয়ে তাদের বিপর্যয়ের শুরু। সপ্তম ওভারের প্রথম বলে কুশল
মেন্ডিসকে বদলি খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাহিন শাহ
আফ্রিদি।
সেই শুরু। এরপর নাসিম শাহর গতি ও আবরারের
ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় লংকান ব্যাটিং লাইনআপ। বিপদের মধ্যে যা একটু লড়েন প্রথম
টেস্টের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি ৬৮ বলে ৫৭ রান করেন। এছাড়া দিনেল
চান্দিমাল ৩৪ ও রমেশ মেন্ডিস ২৭ রান করেন। ৪৮.৪ ওভার আয়ু ছিল শ্রীলংকার প্রথম
ইনিংসের।
বোলিং সাফল্যের পর ব্যাটিংয়ে নেমে দলীয়
১৩ রানেই ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। এরপর ১০৮ রানের জুটি গড়ে স্থিতি
আনেন শান মাসুদ ও শফিক। শান মাসুদ ৪৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সাজঘরে।
পরে অধিনায়ক বাবরকে নিয়ে ৬.৪ ওভার খেলে দিন পার করেন শফিক। ৯৯ বলে ৭ বাউন্ডারি ও ২
ছক্কায় ৭৪ রান করেন তিনি। পাকিস্তানের দুটি উইকেটই নেন পেসার আসিথা ফার্নান্দো।










