টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন ইগা সিয়ানতেক। রোলাঁ গারোঁয় আজ নারী এককের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে সরাসরি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন ২৩ বছর বয়সী পোলিশ সুপারস্টার।

 

এটা ফ্রেঞ্চ ওপেনে তার টানা তৃতীয় ও সব মিলে চতুর্থ শিরোপা এবং পঞ্চম গ্র্যান্ডস্লাম শিরোপা। মনিকা সেলেস ও জাস্টিন হেনিনের পর তৃতীয় নারী হিসেব টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়লেন সিয়ানতেক। উন্মুক্ত যুগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চারটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সিয়ানতেক।

 

বিশ্বের এক নম্বর র‍্যাংকধারী খেলোয়াড় সিয়ানতেক শুরুর দিকে ব্রেকের মুখে পড়লেও পরে আগ্রাসী খেলতে থাকেন এবং পরের ১২ গেমের মধ্যে ১১টি জিতে নেন। এতে সহজেই তার হাতে ধরা দেয় আরেকটি গ্র্যান্ডস্লাম। ফ্রেঞ্চ ওপেনের বাইরে ২০২২ সালে ইউএস ওপেন শিরোপা জিতেছেন সিয়ানতেক।

 

জয় শেষে সিয়ানতেক বলেন, ‘এই জায়গাটি আমি অনেক ভালোবাসি এবং প্রতি বছর এখানে খেলার অপেক্ষায় থাকি।’

 

সিয়ানতেককে অভিনন্দন জানিয়ে ১২তম বাছাই পাওলিনি বলেন, ‘এই কোর্টে খেলা টেনিসের অন্যতম বড় চ্যালেঞ্জ। গত ১৫টি দিন কঠিন সময় পার করেছি। আজও কঠিন ছিল, তবে আমি নিজেকে নিয়ে গর্বিত।’