অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজার রাজসিক পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।

 

জিম্বাবুয়ের বিপর্যয়ে হাল ধরা রাজা ৪৮ বলে ৮২ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে ৭ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ এনে দেন। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে পেরেছে আইরিশরা। পরে বল হাতেও অবদান রাখেন রাজা। ২২ রানে ১ উইকেট নেন তিনি। বিপজ্জনক হয়ে ওঠা আইরিশ ব্যাটার জর্জ ডকরেলকে বোল্ড করে জিম্বাবুয়ের জয় ত্বরান্বিত করেন এই অলরাউন্ড। ম্যাচসেরা হয়েছেন ৩৬ বছর বয়সী সিকান্দার রাজা।

 

ব্লেসিং মুজারাবানি ২৩ রানে তিনটি এবং তেন্দাই চাতারা ও রিচার্ড এনগারাভা উভয়ই সমান ২২ রান দিয়ে দুটি করে উইকেট নেন।

 

আইরিশরা গত টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে হেরেছে নামিবিয়ার কাছে। আরেকটি আসর শুরু করল তারা আরেক আফ্রিকান দলের কাছে হেরে। আর প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে গত বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ে দারুণভাবে ফিরল বৈশ্বিক আসরে।

 

আজ জয় শেষ ম্যাচসেরা সিকান্দার রাজা বলেন, শনকে (উইলিয়ামস) আমি শুধু এটুকু বলেছি, আমরা চেষ্টা করব দলকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে। আমি স্রেফ ব্যাট করতে চেয়েছি। আমি কোনো আবেগের কাছে হার মানতে চাইনি। কেননা আমরা শুধুই অংশগ্রহণের লক্ষ্যে এখানে আসিনি, আমরা সুপার টুয়েলভ পর্বে যেতে চাই, যেখানে বড় অনেক দলের বিপক্ষে খেলার সুযোগ আসবে।

 

বুধবার ওয়েস্ট ইন্ডিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, আর স্কটল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। পরের ম্যাচ নিয়ে রাজা বলেন, ৪৮ ঘণ্টা পর ক্যারিবিয়ান ছেলেদের বিপক্ষে কঠিন ম্যাচ আমাদের। আমরা এখন ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি।

 

বিশ্বকাপের প্রথম রাউন্ডে মঙ্গলবার সকালে নামিবিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস, বিকেলের ম্যাচে শ্রীলংকা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

 

আট দলের প্রথম রাউন্ড শেষে শুরু হবে সুপার টুয়েলভ রাউন্ডের রোমাঞ্চ। যেখানে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ডের বৈতরণী পার হয়ে আসা দুটি দল।