বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে দর্শকপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভারতের আইএমডিবিতে গত দশকের শীর্ষ ১০০ ভারতীয় তারকার সর্বাধিক যে কাজ দর্শক উপভোগ করেছে সেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড়সহ বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের কিংবদন্তি এবং সমসাময়িক অভিনেতাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন দীপিকা পাডুকোন। যাকে এক দশক ধরে সবচেয়ে বেশি দর্শক পর্দায় দেখেছে এবং পছন্দ করেছে। তালিকায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, আমির খানসহ আরো অনেক বড় তারকা। তবে তাদের পেছনে ফেলে দীপিকাই রয়েছেন শীর্ষ অবস্থানে। এ নিয়ে দীপিকা তার অভিমত প্রকাশ করে বলেছেন, ‘আমি এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ, যা বিশ্বব্যাপী দর্শকের মাঝে আমাকে উপস্থাপন করছে। আইএমডিবি আমাদের কাছে বিশ্বাসযোগ্যতার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, যা মানুষের আবেগ, আগ্রহ ও পছন্দের প্রকৃত স্পন্দনকে প্রতিফলিত করছে। এ স্বীকৃতি সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে, যেন আমি সততা ও ভালো কাজের উদ্দেশ্য নিয়ে পর্দায় এবং পর্দার বাইরে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার সঙ্গে সংযোগ চালিয়ে যেতে ও এর প্রতিদান দিতে পারি।’
শাহরুখ খানের বিপরীতে ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এর (২০০৭) মধ্য দিয়ে দীপিকার রুপালি পর্দায় আত্মপ্রকাশ। এর পর থেকে প্রায় সবক’টি কাজের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন দীপিকা। এক দশকে, তিনি নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে কাজের বহুমুখিতা প্রদর্শন করেছে। হাস্যরসাত্মক ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে শুরু করে ‘পিকু’ সিনেমায় আবেগি চরিত্র বিভিন্ন ধরনের শৈলী অন্বেষণ করেছেন দীপিকা। বাজিরাও মাস্তানি ও পদ্মাবতী সিনেমায় মহাকাব্যিক ঐতিহাসিক ব্যক্তিত্বের চিত্রায়ণ তাকে বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তুলেছে। এছাড়া ট্রিপল এক্সের মধ্য দিয়ে ২০১৭ সালে হলিউড অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে দৃঢ় করেছেন দীপিকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস










