পোনিয়িন সেলভান তামিল গেম অব থ্রোনস, এমন কথা অনেকেই বলছেন। ওদিকে মণি রত্নম মজা করে বলেছেন, গেম অব থ্রোনস হলো ইংরেজি পোনিয়িন সেলভান। সে কথা বলা যেতেই পারে। কল্কি কৃষ্ণমূর্তির পাঁচ পর্বের উপন্যাস পোনিয়িন সেলভান প্রকাশ হয়েছিল ১৯৫৫ সালে। ১৯৫১-৫৫ এ পাঁচ বছর ধরে উপন্যাসটি প্রকাশিত হয়। ইন্দ্র নীলমেগমের করা ইংরেজি অনুবাদটি প্রকাশ হয় ১৯৯৩ সালে। জর্জ আর আর মার্টিনের বইটি প্রকাশ হয় ১৯৯৬ সালে। এ কথা দাবি করা হচ্ছে না, আর আর মার্টিন পোনিয়িন সেলভান থেকে অনুপ্রাণিত হয়ে গেম অব থ্রোনস লিখেছেন, তবে পোনিয়িন সেলভান ও গেম অব থ্রোনসের মধ্যে কিছু মিল পাওয়া যায়।

ইতিহাসভিত্তিক ফিকশন ও ফ্যান্টাসির মধ্যে কিছু মৌলিক মিল থাকে। তবে গেম অব থ্রোনসের সঙ্গে পোনিয়িন সেলভানের সাদৃশ্যগুলো কৌতূহলো-দ্দীপক। দুটো গল্পই ধ্বংসের ইঙ্গিত দিয়ে শুরু হয়। পোনিয়িন সেলভানের মতো গেম অব থ্রোনসেও একটি ধূমকেতু দেখা যায়, যা খারাপ সময় বা ধ্বংসের প্রতীক। ভবিষ্যদ্বাণী বা এ ধরনের কোনো আভাস দেয়ার ক্ষেত্রে কমেটের ব্যবহার বহু প্রাচীন। এ থেকে একটা জিনিস বোঝা যায়, ভারতের সঙ্গে আমেরিকার প্রাচীন বিশ্বাসে পার্থক্য খুব কম। দুটো গল্পেই উত্তরাধিকারীরা সমুদ্রের ওপারে থাকে। সেলভানের গল্পটা শ্রীলংকা থেকে আরুলমোয়ি বর্মণের ফিরে আসার। তাকে ইলমে পাঠানো হয় দখল করতে। কিন্তু অনেকেই চায়, তিনি যেন আদিত্য কারিকালানের সিংহাসন দখল করেন। গেম অব থ্রোনসে ডেনেরিস টারগেরিয়ানের গল্পের সঙ্গে আরুলমোয়ির গল্পটা মিলে যায়।

স্টার্ক আর বাবার মধ্যে কাকে বেছে নেবে এ দ্বিধায় কাটে থিয়নের সময়। শেষ পর্যন্ত সে স্টার্কদের প্রতারণা করে। পোনিয়িন সেলভানে আছে পার্থিবেন্দ্র পল্লব। পল্লব রাজবংশের এ ব্যক্তি আদিত্যর বন্ধু কিন্তু নন্দিনীর কারণে সে আদিত্যকে ঠকায়। জন স্নোর সঙ্গে ড্রাগন কুইনের রোম্যান্সের কথা সবারই জানা। কিন্তু এ প্রেম দেখেই যদি আপ্লুত হয়ে থাকেন, দর্শকের দেখার বাকি আছে আরো। আদিত্য কারিকালান ও নন্দিনীর মধ্যকার প্রেম দর্শককে আরো মোহিত করবে। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্সও তৈরি করতে পারে। শুরু থেকে তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই দেখিয়েছেন কল্কি। কিন্তু শেষে এসে দর্শক বুঝতে পারবে, তারা আসলে রক্তের সম্পর্কে বাঁধা।

গেম অব থ্রোনসে যেকোনো কিছু হতে পারে। বিষয়টি একবারে প্রকাশ হয়নি। সিজন থ্রির নবম এপিসোডে দর্শক এক ধরনের নিষ্ঠুরতা দেখেছিল। উত্তরের সাবেক রাজা, দ্য ইয়ং উল্ফ রব স্টার্ককে রীতিমতো কেটে ফেলা হয়। কল্কি কৃষ্ণমূর্তি কম যান না। তার উপন্যাসে অন্তত দুটো চরিত্র রয়েছে, যারা রাজার পদের সম্ভাব্য প্রার্থী। তাদের দুজনকেই সরিয়ে দেয়া হয়।

গল্পের সঙ্গে গল্পের মিল থাকে। আর দুটো গল্পই যখন সিংহাসন দখলের, তখন একই রকম ঘটনা হওয়া স্বাভাবিক। ক্ষমতা, দ্বন্দ্ব ও প্রেমের গল্পগুলো নিজের গতিতে চলে। চোল সাম্রাজ্যের সঙ্গে গেম অব থ্রোনসের নানা চরিত্র ও ঘটনার মধ্যে মিল রয়েছে। সে মিলের চিত্রায়ণ কতটা মিলবে, সেটা অবশ্য দেখার বিষয়।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস