সালমান খান অভিনীত টাইগার থ্রি মুক্তির ১০ দিন পার হলো। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৪০০ কোটি রুপির মতো। দশম দিনে সিনেমাটি ভারতের বক্স অফিসে আয় করেছে ৬ কোটি ৩০ লাখ ডলার। এর মাধ্যমে মনীশ শর্মা পরিচালিত সিনেমাটি ভারতে মোট আয় করল ২৪৩ কোটি রুপি। ১১তম দিনে ডমেস্টিক বক্স অফিসে ২৫০ কোটি রুপি পার করবে দুই-একদিনের মধ্যে এমনটাই ধারণা বক্স অফিস অ্যানালিস্ট গ্রুপ সাচনিল্কের। এক হিসেবে সিনেমাটি ভালোই আয় করেছে, কিন্তু টাইগারকে নিয়ে আশা ছিল আরো বেশি। ১০ দিনের মধ্যে পাঠান ও জওয়ানের আয় ছিল ৫০০ কোটি রুপির বেশি। সেখান থেকে ব্যর্থ টাইগার। এছাড়া দর্শক কমে গেছে এবং তার প্রমাণ ১০ দিনে মাত্র ৬ কোটি রুপি আয়।
টাইগার ব্যর্থ হওয়ার নানা কারণ আছে। এর মধ্যে প্রথম ও সবচেয়ে বড় কারণ সিনেমাটির মুক্তির সময়। টাইগার থ্রি মুক্তি দেয়া হয়েছে দীপাবলিতে। উৎসবের দিন রোববার মুক্তি পায় টাইগার থ্রি। সাধারণত ভারতে দীপাবলির দিন সবাই ব্যস্ত থাকেউৎসব নিয়ে। সেদিন সিনেমা দেখতে কম মানুষই যায়। ফলে টাইগার থ্রি প্রথম দিন যথেষ্ট সাড়া ফেলতে পারেনি, তবুও বেশ ভালো আয় করেছিল। সিনেমাটি প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আসে। ৪৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে যশরাজ ফিল্মসের সিনেমাটি। দ্বিতীয় দিনই সে ধারা বজায় ছিল, কিন্তু এরপরই ধীরে ধীরে কমে যায়। এর কারণ মূলত সিনেমাটি দর্শকের চাহিদা পূরণ না করা।
টাইগার থ্রি নিয়ে দর্শকের কিছু পূর্ব ধারণা ছিল। কিন্তু সেসবের অনেক কিছুই পূরণ করতে পারেনি সিনেমাটি। ফলে দর্শক খুব একটা পছন্দ করেনি। এরপরই কমতে থাকে ফুটফলস (দর্শক আসার পরিমাণ)। ফলে কমতে থাকে সিনেমার আয়। এছাড়া সিনেমা যখন মুক্তি পায়, তখন ক্রিকেট বিশ্বকাপ চলমান ও শেষের দিকে। ফলে সাধারণ দর্শক ক্রিকেটেই বেশি মনোযোগ দিয়েছে। কফিনে শেষ পেরেকটা পড়ে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের হেরে যাওয়া। ভারতে রীতিমতো শোকাবহ অবস্থা। এর মধ্যে সিনেমা দেখতে যাওয়ার ‘বিলাসিতা’ দর্শক করছে না।
‘পাঠান’, ‘গদর টু’ ও ‘জওয়ান’-এর পর বলিউড তার বড় বাজেটের সিনেমার সাফল্য হিসাব করছে বড় আয় দিয়ে। টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’-এর লাইফটাইম আয় ৩৩৫ কোটি রুপি অনেক আগেই পার করেছে। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মোট আয় ৫৬৫ কোটি রুপি। এখন সন্দেহ হচ্ছে সে আয় ছুঁতে পারবে কিনা টাইগার থ্রি। কেননা সিনেমার আয় যেভাবে কমছে, তাতে থেমে যেতে পারে ৫০০ কোটি রুপির কাছাকাছি গিয়ে। তা যদি না-ও হয়, স্পাই ইউনিভার্স, সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিকে নিয়ে নির্মিত এ সিনেমা নিয়ে যতখানি আশা ছিল তার অর্ধেকও পূরণ হয়নি। টাইগারের সঙ্গে পাল্লা দেয়ার মতো কোনো সিনেমা নভেম্বরে মুক্তি পায়নি। সে হিসেবে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হলো সিনেমাটি এবং এর সবচেয়ে বড় কারণ যশরাজের পরিকল্পনার ত্রুটি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










