আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে আফরোজা হোসেন সারা এবং তার টিমের অ্যানিমেশন শর্ট ফিল্ম, ‘‌তিমির গান’ শীর্ষক গল্পনির্ভর চিত্র প্রদর্শনী। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে শুক্রবার। 

তিমির গান একটি নির্মাণাধীন ক্ল্যাসিক দ্বিমাত্রিক বা টুডি অ্যানিমেটেড শর্ট ফিল্ম। যেখানে মানুষের সীমাহীন লোভের কারণে পরিবেশের ধ্বংস ও তার ফলে আসন্ন মহাবিপর্যয়কে একজন বঞ্চিত জেলের দৃষ্টিকোণ এবং এক শোকার্ত মা তিমির রূপকে প্রকৃতির বিদ্রোহকে চিত্রিত করা হয়েছে। এ প্রদর্শনীতে সংবেদনশীল ও চমকপ্রদ চিত্রের একটি সিরিজের মাধ্যমে ফিল্মের গল্পটি তুলে ধরা হয়েছে। মুড-বোর্ড, ফিল্মের কনসেপ্ট পেইন্টিং ও লেখনীর সম্মিলনে প্রদর্শনীটি সুসমন্বিত, তবে একক রূপে ধরা দিয়েছে। 

আফরোজা হোসাইন সারা চান, নিজেকে একজন অ্যানিমেশন ফিল্ম ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত করতে। পাশাপাশি তার সহপ্রতিষ্ঠিত টিম প্লাটফর্ম লিমিটেডের মাধ্যমে তরুণ বাংলাদেশী প্রতিভাবানদের জন্য যথাযথ সুযোগ তৈরি করে দিতেও কাজ করছেন। তার এ প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।