কিন্ডারগার্টেন স্কুলের ছোট্ট শিক্ষার্থীদের জন্য একটি ফার্মে পিকনিক আয়োজন করে স্কুল। স্কুলের শিক্ষক মিস ক্যারেলিন এবং ফেলিক্স নামের এক শিক্ষার্থীর অভিভাবক ডেভিড সব শিক্ষার্থীকে নিয়ে পিকনিকে যান। কিন্তু মুসিবত নামে যখন ফার্মে পৌঁছায় শিক্ষার্থীরা। সবাই দেখতে পায় একটি ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জম্বিদের আক্রমণ হয়েছে ফার্মে। সবাই বন্দি হয়ে যায় একটি খেলনার দোকানে। বাইরেও মৃত্যু আবার ভেতরেও খাবারের অভাবে একসময় মৃত্যুবরণ করতে হবে। এখন যুদ্ধ করা ছাড়া আর উপায় নেই। কিন্তু সবাই একদম ছোট বাচ্চা।

এমন গল্প  কেন্দ্র করে গড়ে উঠেছে হরর কমেডি জনরার ছবি লিটল মনস্টারস ছবির কাহিনী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার চলচ্চিত্র। জম্বি জনরাতে গল্পকে একদম নতুনভাবে এবং মজাদার উপায়েও যে উপস্থাপন করা সম্ভব সেই কাহিনী এ ছবিতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।

ছবির গল্পে দেখা যায়, কিন্ডারগার্টেনের শিশুরা যে ফার্মে পিকনিকে যায়। সেখানেই টেলিভিশন ব্যক্তিত্ব টেডি ম্যাকগিগল তার একটি শো সেই একই ফার্মে আয়োজন করেছেন। আর ডেভিডও একটু ভেঙে পড়েন, যখন জানতে পারেন মিস ক্যারোলিন অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। কারণ ডেভিড পছন্দ করতে শুরু করেছিল ক্যারোলিনকে। তারা যখন পিকনিকের স্পটে পৌঁছায় তখনই জম্বিদের আক্রমণ হয় পুরো ফার্মজুড়ে। বাধ্য হয়ে সব শিক্ষার্থীদের নিয়ে তারা পাশেই একটি খেলনার দোকানে আত্মরক্ষার জন্য যান। কিন্তু টেডি আগে থেকেই সব আটকে দিয়েছেন। তাদের কাউকেও ঢুকতে দেবেন না। এমন অবস্থায় ডেভিড বাধ্য হয়ে ছাদ দিয়ে ভেতরে গিয়ে পরে শিশুদের  দোকানের মধ্যে নিয়ে আপাতত বিপদমুক্ত করেন।

তবে বিপদ এখনো কাটেনি। টেডির মোবাইলের মাধ্যমে তারা জানতে পারেন মিলিটারির একটি দল পুরো ফার্ম বোমা মেরে উড়িয়ে দিতে যাচ্ছেন। এখন শিশুদের বাঁচাতে এবং নিজেদের বাঁচাতে ক্যারোলিন ও ডেভিডকে খুবই জরুরি ভিত্তিতে কোনো একটি ব্যবস্থা নিতে হবে। যখন পুরো প্ল্যান রেডি, তখন টেডি ধোঁকা দিয়ে পালিয়ে যেতে চায়। এমন সময় জম্বিদের আক্রমণে সেও প্রাণ হারায়। সবাই যখন হতাশায় ভেঙে পড়েছে, এই ভেবে যে জম্বিদের আক্রমণে না হয় সেনাবাহিনীর আক্রমণে মৃত্যু অনিবার্য, তখনই ফেলিক্স নামের ছোট্ট শিশুটি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়।

৯৪ মিনিট দৈর্ঘ্যের এ ছবি  প্রথম প্রিমিয়ার হয় ২৭ জানুয়ারি ২০১৯। আর ছবিটি পর্যায়ক্রমে ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে, ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ায় এবং ১৫ নভেম্বরে যুক্তরাজ্যে মুক্তি দেয়া হয়। অ্যাবে ফরসিথের পরিচালনায় ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লুপিতা নিয়ঙ্গ (মিস ক্যারোলিন), অ্যালেক্সেন্ডার ইংল্যান্ড (ডেভিড), জশ গ্যাড (টেডি ম্যাকগিগল)  এবং ডিজেল লা টোরাকা (ফেলিক্স)। ছবিটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মোটামুটি সাড়া পায়। তবে লুপিতা নিয়ঙ্গের অভিনয়ের কথা সবাই আলাদাভাবে উল্লেখ করেছেন। আর জম্বি গল্পে একটি নতুনত্ব আনার জন্যও ছবিটি বেশ প্রশংসা কুড়ায়।