মার্কিন অভিনেতাদের মধ্যে ক্রিস প্র্যাট অন্যতম। প্র্যাট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে স্টার-লর্ড চরিত্রে অভিনয়ের জন্যই বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি (২০১৪) দিয়ে শুরু হয়েছিল এবং জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজিতে (২০১৫-২০২২) ওয়েন গ্র্যাডি চরিত্রেও ছিলেন অভিনেতা ক্রিস প্র্যাট। সম্প্রতি জানিয়েছেন হলিউডে তার কাজের অভিজ্ঞতা এবং প্রথম কীভাবে কাজের মধ্য দিয়ে বড় অংকের অর্থ পেয়েছিলেন। প্র্যাট আরো প্রকাশ করেছেন তিনি কীভাবে তার প্রথম অভিনয় থেকে পারিশ্রমিক ব্যয় করে ফেলেছিলেন, কারণ তিনি জানতেন না কীভাবে হিসাব করে খরচ করতে হয়।
মার্কিন গণমাধ্যম পিপলের সঙ্গে একটি সাক্ষাৎকারে ক্রিসকে জিজ্ঞেস করা হয়েছিল তার অর্জিত অর্থ খরচ করার ধরন নিয়ে। ক্রিস বলেন, ‘আমি ভাবতাম আমার কখনই অর্থের অভাব হবে না। তবে যখন আমার প্রথম কাজের জন্য পারিশ্রমিক পাই তা ছিল খুবই কম। আমি অনেক কম অর্থে জীবনযাপন করেছি। প্রথম বড় অংকের অর্থ পেয়েছে একটি টেলিভিশন শোতে কাজের মধ্য দিয়ে। আমি ৭৫ হাজার ডলার পেয়েছিলাম।’
ক্রিস আরো প্রকাশ করেছেন কীভাবে প্রায় দুই মাসেই তার সব অর্থ ফুরিয়ে গিয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন তার সব শেষ হয়ে যাচ্ছে। প্র্যাট শেয়ার করেছেন তিনি হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছুটিতে বেড়াতে গিয়ে অর্থ ব্যয় করেছেন। ‘আমি সম্ভবত বিনিয়োগ করতে চাই বা সম্ভবত একটি ইয়ট চাই,’ এমন সব ভাবনাই ছিল অভিনেতা প্র্যাটের। প্র্যাট আরো জানিয়েছেন, তাকে কখনই সঠিকভাবে আর্থিক পরিকল্পনা সম্পর্কে বলা হয়নি এবং কীভাবে তিনি খরচ করবেন তা জানেন না। খরচ থামাতে এবং এ বিষয়গুলো বুঝতে অনেক সময় লেগেছিল প্র্যাটের। ‘আমাকে এই বিষয়ে বুদ্ধিমান হতে হবে। আমাকে ভাবতে হবে, আমি কী করব? আমি কীভাবে এমন জায়গায় পৌঁছব যেখানে আমি যদি একদিন কাজ বন্ধ করি, তবুও আমি ঠিক থাকব? আমার পরিবার ঠিক থাকবে,’ বলেন প্র্যাট। এছাড়া জীবনে আর্থিক পরিকল্পনা শেখার বিষয়টি এ অভিনেতা মনে করেন তার জীবনে বেড়ে ওঠার একটি ধাপ।"সেই সঙ্গে জীবনে ‘আমি পেরেছি’ এমন একটি মুহূর্ত ছিল যখন তিনি তার মাকে একটি বাড়ি কিনে দিতে পেরেছিলেন জানিয়েছেন ক্রিস প্র্যাট।
সূত্র ও ছবি: পিপল










