প্রতি বছরের মতো এবারো আয়োজিত হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আগামী ৫ ডিসেম্বর শুরু হবে উৎসবের ২৯তম আসর। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। তবে এবার কিছু পরিবর্তন আসছে। মূলত এবার নিয়মিত অতিথিরা থাকছেন না। প্রতি বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। অতিথি হিসেবে থাকেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের সঙ্গে যুক্ত হন আরো অনেকে। কিন্তু এ বছর থাকছেন না নিয়মিত এ তিন অতিথি। কিন্তু অসুস্থতার কারণে অমিতাভ বচ্চন ও কর্মব্যস্ততার কারণে শাহরুখ খান থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। তাদের জায়গায় এ বছর অতিথি হয়ে আসবেন সালমান খান, কমল হাসান, অনীল কাপুর ও সোনাক্ষী সিনহা।
কিছুদিন আগে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানাতে মুম্বাই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন তাকে জানিয়েছিলেন, প্রতি বছরের মতোই তিনি থাকবেন উদ্বোধনে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না। কিছুদিন ধরে অমিতাভ বচ্চন অসুস্থ বোধ করছেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দেয়া তার জন্য কঠিন হবে। সে কারণেই অপারগতা প্রকাশ করেছেন। এদিকে শাহরুখ খানের ব্যস্ততা সুহানাকে নিয়ে। তার বলিউড অভিষেক হচ্ছে। পাশাপাশি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাঙ্কি’। সব মিলিয়ে তিনিও ব্যস্ত। তাই শাহরুখকেও পাওয়া যাবে না উৎসবের উদ্বোধনে। সালমান খান শো করতে কলকাতায় গিয়েছিলেন কিছুদিন আগে। এরপর তিনি নিশ্চিত করেন যে কলকাতা উৎসবে থাকবেন। এছাড়া অনীল কাপুর, সোনাক্ষী ও কমল হাসানও নিশ্চিত করেছেন তারা উদ্বোধনে যোগ দেবেন।










