কানাডীয় সংগীতশিল্পী ব্রায়ান অ্যাডামস সম্প্রতি চীনকে ইঙ্গিত করে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। তার এই ইনস্টা পোস্ট ইন্টারনেটে ঝড় তুলেছে। সোমবার রাত থেকে শুরু করে লন্ডনের অ্যালবার্ট হলে বেশ কয়েকটি শো করার কথা ছিল এ গায়কের। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ট্যুরটি বাতিল হয়ে যায়। এ ঘটনায় নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি ব্রায়ান। অসন্তুষ্টি প্রকাশ করে তার ইনস্টাগ্রামে ক্যাপশনসহ চীন সম্পর্কে একটি দীর্ঘ পোস্ট করেন। চীনের উহান শহর থেকেই ভাইরাসটির উত্পত্তি বলে বিবেচনা করা হয়।

৬০ বছর বয়সী গায়ক ব্রায়ান অ্যাডামস তার ইনস্টাগ্রাম পোস্টে চীনের ওপর ক্ষোভ ঝেড়ে বলেন, ‘কাটস লাইক এ নাইফ। আমার একটি গান। এই গানটি দিয়েই আজকে রয়াল বার্থ হলে আমার শো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু বাদুড়খেকো লোভী মানুষের জন্য আজ পুরো বিশ্ব থমকে গেছে। এই ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, মারাও গেছেন প্রচুর মানুষ।’ কিন্তু এমন মন্তব্যের জন্য পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন ব্রায়ান অ্যাডামস।

‘সামার অব সিক্সটি নাইন’ খ্যাত ব্রায়ান অ্যাডামস একজন অ্যানিমাল রাইটস কর্মী, একজন স্বঘোষিত ভেগান এবং প্রাণীদের নৈতিক চিকিৎসার সংস্থার (পিইটিএ) সমর্থক। চীনের ওয়েট মার্কেটে প্রাণী বিক্রির বিষয়ে কটাক্ষ করে তিনি লিখেছেন যে পুরো দেশটির ভেগান হয়ে যাওয়া উচিত।

শো সম্পর্কে তিনি লিখেন, ‘যারা আমাদের শো মিস করছেন আমি তাদের উদ্দেশে বলছি, আমিও চাই আপনাদের সঙ্গে থাকতে। বর্তমানে আমি আমার বাচ্চাদের এবং পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছি। তবে আমি আমার ব্যান্ড এবং আমার ভক্তদের নিয়ে গঠিত আমার আরেকটি পরিবারকে খুব মিস করছি।’

 

সূত্র: পিংকভিলা