দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। ২ জানুয়ারি এ অভিনেত্রীর নতুন নাটকের প্রচার শুরু হয়েছে। চ্যানেল আইয়ে প্রচারিত নাটকটির নাম ‘ষন্ডা পান্ডা’। প্রচারের পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলু পরিচালিত নতুন মেগা ধারাবাহিক নাটকটি। 

২ জানুয়ারি থেকে তিনদিন দূরন্ত টিভির জনপ্রিয় নাটক ‘হৈ হৈ হল্লা’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহনাজ খুশি। এছাড়া এ অভিনেত্রী জানিয়েছেন, সম্প্রতি তিনি পূবাইলে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’য়ের পরবর্তী অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন। এরপর আবারো ‘হৈ হৈ হল্লা’ ধারাবাহিকের শুটিংয়ে ফিরবেন তিনি। নতুন ধারাবাহিকের প্রচার ও আসন্ন ধারাবাহিক নিয়ে শাহনাজ খুশী বলেন, ‘আমি তো সবসময়ই সুস্থ ধারার নাটকে অভিনয় করি। যেখানে সমাজের জন্য একটি মেসেজ থাকে, পরিমার্জিত সাংস্কৃতিক বুনন থাকে। এমনই একটি নাটক ষন্ডা পান্ডা। আমি খুব ভাগ্যবান যে নাটকের যেকোনো ধরনের আন্দোলন বা কোনো সমস্যা সমাধানে সবসময়ই শ্রদ্ধেয় আলী যাকের ভাই, মামুনুর রশীদ ভাই, নূর ভাই, লাভলু ভাইকে পাশে পেয়েছি। সে বোধের জায়গা থেকে লাভলু ভাইয়ের সঙ্গে অভিনয় এবং এর বাইরেও আমার বোঝাপড়াটা চমৎকার। শুটিংয়ের সময় তিনি হাত নাড়লেই আমরা যারা অভিজ্ঞ শিল্পী তারা বুঝে ফেলি, তিনি কী চাচ্ছেন। এই যে আমাদের দিয়ে কাজ করিয়ে লাভলু ভাইয়ের যে আত্মতৃপ্তি, এ তৃপ্তি দেখার লোভেই তার নির্দেশনায় কাজ করার আগ্রহ সবসময়। আর নতুন ধারাবাহিকে আবুল হায়াত ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন পর কাজ করতে পারছি, এটা ভীষণ সৌভাগ্যের। নতুন বছরের নতুন ধারাবাহিক এবং আসন্ন কাজ নিয়ে আমি আশাবাদী। এরই মাঝে ষন্ডা পান্ডা নিয়ে দর্শকের ভালোবাসা পাচ্ছি।’

ষন্ডা পান্ডা নাটকটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ফের বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাভলুর কাজ এক সঙ্গে দেখতে পাচ্ছে দর্শক। এ নাটকে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, আ খ ম হাসান, নাঈমা আলম মাহা, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা, শাহেদ শাহরিয়ারসহ আরো অনেকে। 

শাহনাজ খুশি তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন নব্বইয়ের দশকের দিকে। পরবর্তী সময়ে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এ অভিনেত্রী। তিনি ভবের হাট, সাকিন সারিসুরি, হারকিপ্টে, গরুচোর, হারাধনের একটি বাগান, পাল বাড়িসহ একাধিক নাটকে অভিনয় করেছেন।