ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা করেন তিনি। এরপর নিয়মিত নাটক ও মডেলিং করেছেন। এবার এ অভিনেত্রী যুক্ত হলেন ওয়েব ফিল্মে। ফিল্মটির নাম ‘ত্রিভুজ’। মুনহানা বৃত্তার রচনায় এটি পরিচালনা করছেন আলোক হাসান।
সম্প্রতি রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ত্রিভুজ। এতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ঊর্মিলা শ্রাবন্তী করকে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথম আমি ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করছি। এর গল্প দারুণ। আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি। স্ক্রিপ্ট পড়ে আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে বলেই কাজটি করছি। আমার বিশ্বাস ভালো একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছে।’
ঊর্মিলা শ্রাবন্তী কর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেছেন। তাই ওয়েব ফিল্মটিতে আইনজীবীর চরিত্রে অভিনয়ে বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিনয়ের সুবাদে অনেক ধরনের চরিত্রে কাজ করতে হয়। এমন অনেক চরিত্র আছে যেগুলোর সঙ্গে পরিচয় ঘটে অভিনয় করতে গিয়েই। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে যেহেতু আমি আইন বিষয়ে লেখাপড়া করেছি, সেজন্য চরিত্রটি করতে কিছুটা সুবিধা থাকবে এটাই স্বাভাবিক।’
উচ্চ, মধ্য, নিম্নবিত্ত—এ তিন শ্রেণীর প্রতিনিধি হিসেবে তিন জুটির গল্প দেখা যাবে এখানে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এরা সবাই মুখোমুখি হয়। নেমে আসে সম্পর্কের জটিলতা। দর্শক এখানে দেখবে নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক ক্রাইসিসের চিত্র।










