করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে আছেন। ১২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। একই দিন সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় এ অভিনেতাকে। অভিনেতার লাইফ সাপোর্টে থাকার বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেন নাট্যকার মাসুম রেজা। আজিজুল হাকিমের ব্লাড প্রেসার লো। ফুসফুসে পানি জমেছে বলে তিনি জানান।
আজ শুক্রবার রাত ১০টার দিকে নির্মাতা চয়নিকা চৌধুরী টকিজকে জানিয়েছেন, আজিজুল হাকিমের ফুসফুসে পানি জমেছে। চিকিৎসকরা বলেছেন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। তবে তার স্ত্রী ও সন্তান ভালো আছেন।
এর আগে তিনি আজিজুল হাকিম ও তার পরিবারের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘আজিজুল হাকিম ভাই, লাইফ সাপোর্টে। কাল রাত একটায় তাকে লাইফ সাপোর্ট এ নেয়া হয়েছে। হাকিম ভাই, প্রিয় জিনাত ভাবি, আর ছেলে সবাই করোনা পজিটিভ। সবাই প্রার্থনা করবেন মিডিয়ার এই অসাধারণ ভালো মানুষটার জন্যে। জিনাত ভাবি তুমি সাহসী, তুমি অনেক পজিটিভ, সবাইকে সাহস দাও, দেখবে সব ভালো হবে প্রার্থনা করি। অনেক প্রার্থনা। এত্ত মানুষ তাকে ভালোবাসে!! তোমাদের ভালোবাসে।’
১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমের করোনা পজিটিভ আসে। চিকিত্সকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিত্সা নিচ্ছিলেন। গতকাল আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়।
নব্বই দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে আসেন আজিজুল হাকিম। পরে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে ব্যাপক পরিচিতি পান। এখনও নিয়মিত অভিনয় করেন তিনি। এ অভিনেতার সহধর্মিনী জিনাত হাকিমও একজন নাট্যকার ও নির্মাতা। তাদের দুই সন্তান, মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।










