জেমস ক্যামেরনের অ্যাভাটারের সিকুয়াল অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার নিয়ে সারা বিশ্ব আগ্রহী। অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। কিন্তু সিনেমাটি নিয়ে ক্ষুব্ধ কন্নড় দর্শকরা। কেননা ক্যামেরনের সিনেমার ট্রেলার তাদের ভাষায় মুক্তি পায়নি। এমনকি সিনেমার অফিশিয়াল পোস্টারেও এ ভাষার উল্লেখ নেই। অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ডাব করা হলেও এটি কন্নড়ে ডাব করে মুক্তি দেয়া হচ্ছে না। কিন্তু এ নিয়ে এত হাঙ্গামা করার আদৌ প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন উঠতে পারে। মূলত কন্নড় সিনেমা ভারতে বর্তমানে ভালো ব্যবসা করার কারণে এ অঞ্চলের দর্শকের গুরুত্ব বেড়েছে। এছাড়া হলিউডের সিনেমার ডাব করা ভার্সনের একটি বেশ বড় বাজার ভারতের বিভিন্ন অঞ্চল। 

কন্নড় ভাষাভাষী দর্শকরা টুইটারে এ নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তাদের টুইটে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এমনকি জেমস ক্যামেরনকে ট্যাগ করছেন। একজন লিখেছেন, ‘‌ টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের মতো প্রতিষ্ঠান এমন একটি কাজ করতে পারে না। তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল।’ ব্যবসার বিষয় তুলে ধরে আরেকজন লিখেছেন, ‘‌আরআরআরের ব্যবসার বিষয়টি লক্ষ করলেই বুঝতে পারবেন কন্নড়ে ডাব করে মুক্তি দিলে কতটা ব্যবসাসফল হওয়া সম্ভব।’ তবে ক্ষোভের আরেকটি কারণ হলো সিনেমাটির টিজার কন্নড়ে মুক্তি দেয়া হলেও সেটি সরিয়ে নেয়া হয়েছে। তাই এ ভাষাভাষীরা ভাবছেন তাদের প্রতি কোনো বিদ্বেষ থেকে কাজটি করা হয়ে থাকতে পারে। তবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্যামেরনের বিগ বাজেট সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর।


সূত্র: হিন্দুস্তান টাইমস