ঈদে সব টেলিভিশন চ্যানেলই বিশেষ অনুষ্ঠান রাখে। এবারো থাকছে নানা অনুষ্ঠান। এর মধ্যে থাকছে নাটক ও সিনেমা। দূরন্ত টিভিতে ছোটদের জন্য বিশেষ এ আয়োজন শুরু হবে ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’ দিয়ে। এটি প্রচার হবে ঈদের সাতদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। হাসান শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।
অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরীর বাড়িতে থাকা ভিন্ন ধর্মাবলম্বী পাঁচটি পরিবারের গল্প হৈ হৈ হল্লা।
থাকছে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। এবার প্রচার হবে সিজন ৩। বিভিন্ন ধরনের পুষ্টিগুণসম্পন্ন খাবার রান্নার প্রক্রিয়া এ অনুষ্ঠানে উপস্থাপন হবে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের সাতদিন সকাল ৭টা ৩০ মিনিট, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়।
থাকছে সিনেমা ‘ডামি দ্য মমি’। ১২ বছর বয়সী গাসকে নিয়ে এর গল্প। একদিন মিসরের এক জাদুঘর থেকে অন্য জাদুঘরে ট্রাকে করে মমি নেয়া হচ্ছিল, এ সময় বজ্রপাত ও বৃষ্টিতে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে মমিটি জীবন্ত হয়ে ওঠে। পরদিন সকালে গাস তার বাড়ির সামনে কাঠের স্তূপের ভেতর জীবন্ত মমিটিকে দেখতে পায়। মমিটি তার বন্ধু হয় এবং তাকে অনেক নতুন জিনিস শেখায়। গাটস মমিটিকে স্কুলে নিয়ে যায়। সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের দিন বিকাল ৩টায়।
এ সিনেমার আরেকটি পর্ব ‘ডামি দ্য মমি অ্যান্ড দ্য স্ফিংস অব শাকাবা’। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৩টায়। আরো থাকছে ‘সুপার মিস’। জয়েস ও তার খালাকে নিয়ে এ সিনেমা। দুরন্ত টিভিতে এর বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৩টায়।
একটি দ্বীপে বসবাসকারী সবাই প্রাচীন অভিশাপ দ্বারা আক্রান্ত। এ অভিশাপে সেখানকার বাসিন্দা ও প্রধানমন্ত্রীসহ সবাই বিরক্তিকর আচরণ করতে থাকে। কেবল হান্টার নামের একটি ছেলে ওই অভিশাপে প্রভাবিত হয় না। উল্টো হান্টারের প্রভাবে এ অভিশাপ ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এমন গল্প নিয়ে দুরন্ত টিভির সিনেমা ‘আ মোস্ট অ্যানয়িং আইল্যান্ড’-এর বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৩টায়।
রোসি ও তার ফুটবল প্রীতি নিয়ে সিনেমা ‘লায়নেস’। ফুটবল খেলাকে কেন্দ্র করে রোসির জীবন সংগ্রামের গল্পও এটি। সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকাল ৩টায়। ‘সার্কাস নোয়েল ফিল দ্য ম্যাজিক’ বলে সার্কাসের বাস্তবতার কথা। সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৩টায়।
ম্যাক্সদের ফ্যামিলি আবিষ্কার অভিযানের জন্য পরিচিত। যে কারণে তাদের ফ্যামিলিকে স্মার্ট ফ্যামিলি ডাকা হয়। বিজ্ঞানের নানা আবিষ্কার ও বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় ‘দ্য স্মার্ট ফ্যামিলি’র গল্প। সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে ঈদের সপ্তম দিন বিকাল ৩টায়।
এছাড়া দুরন্ত টিভির সাতদিনের ঈদ আয়োজনে থাকছে ব্যান্ড শো ‘দুরন্তপনা’, ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’, অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি ঈদ আড্ডা’ ও পাপেট শো ‘খাট্টা মিঠা’।










