মাইলি কিশোর বয়সে এ সিরিজের মাধ্যমে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন এবং তখন থেকেই তার নাম কিশোরদের প্রিয় তালিকায় থাকছে।
২০০৬ সালে ডিজনি চ্যানেলে শুরু হওয়া ‘হানা মন্টানা’র ২০তম বার্ষিকী স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই অনুষ্ঠানের প্রথম ট্রেলার, যেখানে মাইলিকে পুরনো দিনের সেটে ঘুরে বেড়াতে দেখা যায়। স্টুয়ার্ট পরিবারের বসার ঘর থেকে শুরু করে হানা মন্টানার সেই বিখ্যাত আলমারি—সবকিছুই নতুন করে তৈরি করা হয়েছে এ অনুষ্ঠানের জন্য। ট্রেলারে মাইলিকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, এটি আমার কাছে নিজের বাড়ির মতো মনে হচ্ছে।
এ বিশেষ অনুষ্ঠানে মাইলির সঙ্গে দেখা যাবে তার মা টিশ সাইরাস ও বাবা বিলি রে সাইরাসকেও। এছাড়া থাকবে সিরিজের পুরনো ও অদেখা কিছু ভিডিও ফুটেজ যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হবে।
মাইলি জানান, হানা মন্টানা সবসময় তার জীবনের একটি অংশ হয়ে থাকবে। এটি শুধুই একটি টিভি অনুষ্ঠান ছিল না, বরং কোটি ভক্তের সঙ্গে তার এক গভীর সংযোগ তৈরি করেছিল। এ বার্ষিকী অনুষ্ঠান সেই ভক্তদের জন্য যারা ২০ বছর ধরে তার পাশে ছিলেন।
লাইভ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে চিত্রায়িত বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন ‘কল হার ড্যাডি’র উপস্থাপক অ্যালেক্স কুপার।
২৪ মার্চ ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে এ বিশেষ অনুষ্ঠান।
সূত্র ভ্যারাইটি









