পঞ্চমবারের মতো ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ আয়োজিত হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হলো ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২২’। এবার দেশের দুই কিংবদন্তিকে স্বর্ণপদক দেয়া হয়েছে। এরা হলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী। করোনার কারণে দুই বছর এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবারে দুই গুণী শিল্পীকে একসঙ্গে পুরস্কার দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান শিল্পীদের হাতে স্বর্ণপদক ও ১ লাখ টাকার চেক তুলে দেন। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রাপ্তি প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘জীবনে এ পর্যায়ে এসে, এ অধ্যায়ে এসে আনন্দের উৎসগুলো খুব সংকুচিত হয়ে আসে। আজকের মুহূর্তটি অনেক আনন্দের বার্তা নিয়ে এল। পদক নিয়েছি এটা অবশ্যই অনেক আনন্দের। তবে সবচেয়ে বড় কথা পদকটি গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো একজন গুণী শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি।’ ফেরদৌসী রহমান বলেন, ‘ফিরোজা আপা প্রসঙ্গে কথা বলার সুযোগ খুব বেশি একটা হয় না। ফিরোজা আপার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। সেটা বোন, বন্ধুত্ব—বলা যেতে পারে একটু দুষ্টুমির সম্পর্কও ছিল। তিনি আমাকে খুব স্নেহ করতেন, তা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উপলব্ধি করতে পেরেছি। ফিরোজা আপার মতো এমন মহান শিল্পীর শ্রদ্ধায় আয়োজিত অনুষ্ঠানে তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বর্ণপদক প্রাপ্তিতে সত্যিই আজ আমি ভীষণ গর্বিত। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি অনেক শুভকামনা।’

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০২০ ও ২০২১ সালে সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য ফারাহ দিবা খান লাবণ্য ও জুবিন বিশ্বাসকে পুরস্কার দেয়া হয় এ আয়োজনে।