জিয়াউল ফারুক অপূর্ব নিয়মিতই নাটক করতেন। নতুন করে তিনি ফিরেছেন বিঞ্জের ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’ ও হইচইয়ের সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ দিয়ে। এরপর নাটকেও তিনি নিয়মিত। সে ধারাবাহিকতায়ই আসছে আরেকটি নাটক। ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর পথে হলো দেরীতে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে নাটকের টিজার এবং টিজার থেকেই প্রশংসা পাচ্ছেন অপূর্ব ও অন্যরা।
মাত্র ৩০ সেকেন্ডের একটি টিজার। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে! ব্যাকগ্রাউন্ডে বাজছে তার মনোলগ। বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি।’
টিজারটি প্রকাশের পর সেটি পলকেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকে বিভিন্ন নাটকের গ্রুপ আর ব্যক্তিগত দেয়ালে শেয়ার হতে থাকে। সঙ্গে প্রশংসায় ভাসতে থাকেন অপূর্ব ও সংশ্লিষ্টরা। বেশির ভাগ দর্শকই মনে করছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হচ্ছে এ নাটকের মাধ্যমে। যার প্রতিচ্ছবি মিলছে টিজারটিতে।
টিজার থেকে আশাতীত প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত অপূর্ব। এ নিয়ে তিনি বললেন, ‘দর্শকের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই। মনে হয়, আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে।’ অপূর্ব জানান, নাটকটির শুটিং বেশ জটিল ছিল। এ নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘টিজারে যে দৃশ্য দেখছেন, সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। এখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এরপর টানা ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এই শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকের এমন সাড়া পেলে।’
জানা গেছে, এটি সিএমভির ব্যানারে ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালের পথে হলো দেরী নাটকের টিজার। চিত্রনাট্য ও নির্মাণে জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।
এদিকে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি আসলে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। আমার এ চেষ্টার সঙ্গে শতভাগ একাত্ম ছিল অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসানসহ ইউনিটের প্রত্যেকে।’










