পার্ক সিটিতে সানডান্সের সর্বশেষ আসর বসেছিল ২০২০ সালে। এরপর অতিমারীর কারণে বসেনি আর। প্রতি আসরেই বহু শিল্পী ও পরিচালক এ উৎসবে অংশগ্রহণ করেন। সানডান্স অনুষ্ঠিত না হওয়া তাদের জন্য একটি দুঃখের বিষয়। তবে সব ধরনের সংকট কাটিয়ে এ বছর আবার এ আসর বসায় সবাই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। কারণ সানডান্সের অন্যতম একটি বৈশিষ্ট্য এখানে ‘অফবিট’ সিনেমাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ বছর বেশকিছু সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ থাকবে।
তালিকার শুরুর দিকে থাকছে জেনিফার কনেলি অভিনীত ‘ব্যাড বিহেভিয়ার’। গত বছর টপ গান: ম্যাভেরিকের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। ফলে আড়ালে পড়ে গেছে ব্যাড বিহেভিয়ার। অ্যালিস এংলার্টের এ সিনেমায় কনেলিকে দেখা যাবে একজন ট্রমাটাইজড নার্সিসিস্ট হিসেবে। রজার বস উইলিয়ামসের ক্যাসান্দ্রো বলবে এক মেক্সিকান রেসলারের কথা। সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে। সল নামের এ রেসলারের চরিত্রে অভিনয় করছেন গার্সিয়া বারনাল।
সুজানা ফোগেলের সিনেমা ক্যাট পারসন একটি মনস্তাত্বিক থ্রিলার। এ সিনেমায় অভিনয় করছেন এমিলিয়া জোন্স। এর আগে কোডায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। ক্রিস্টেন রুপেনিয়ানের একই নামের গল্প থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। মনস্তাত্বিক জটিলতার এ সিনেমা নিয়ে খুব বেশি আলোচনা দেখা যায় না, তবে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ পরিচিত গল্প নিয়ে নির্মিত সিনেমা ফেয়ারিল্যান্ড। অ্যান্ড্রু ডুরহ্যামের সিনেমাটি একজন বিপত্নীকের জীবনে থাকা নানা চ্যালেঞ্জের গল্প বলে।
সানডান্স ভিন্ন ধারার সিনেমার জন্য বিখ্যাত। তেমনই একটি সিনেমা ইনফিনিটি পুল। ফ্যান্টাসি-হরর ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন ব্যান্ডেন ক্রোনেনবার্গ। এতে পরিচিত মুখ নেই বললেই চলে। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তবে এর আগেই দেখা যাবে একটি পুল ঘিরে রহস্য কতটা ঘনায় আর মানুষকে তা কতদূর নিয়ে যায়। তুলনামূলক সহজ সিনেমাও আছে সানডান্সে। লিটল রিচার্ড: আই অ্যাম এভরিথিং সিনেমাটি নির্মিত হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী লিটল রিচার্ডকে নিয়ে। এতে তার জীবনের নানা পর্যায়ের চিত্রায়ণ রয়েছে। রোলিং স্টোনের সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন লিসা কোর্তেস।
এলিজাহ বাইনুমের সিনেমা ম্যাগাজিন ড্রিমস। এ বছর জোনাথন মেজর্সের জন্য ভিন্ন রকম। কেননা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম প্রধান চরিত্র হিসেবে আসছেন তিনি। তবে তার আগে সানডান্সে দেখা যাবে এ অভিনেতাকে। একজন বডিবিল্ডারের জীবন ও তার জনপ্রিয়তার নানা রকম বাধা-বিপত্তি নিয়ে সিনেমার গল্পটি। তার পরিবার, স্বপ্ন, ক্যারিয়ার সবকিছু নিয়ে জীবনের যে চড়াই-উতড়াই সে গল্পটিই বলা হয়েছে এ সিনেমায়। মেজর্সের সিনেমাটি নিয়ে সানডান্সে আলোড়ন তৈরি হবে বলে মনে করেন অনেকে।
এবারের আসরে আগ্রহের কেন্দ্র ধরে রাখা আরেকটি সিনেমা দ্য পড জেনারেশন। আমাদের জীবন ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। সে বিষয় নিয়েই এ সিনেমা। সোফি বার্থেস পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক। এছাড়া এবারের উৎসবে দর্শকদের নজর থাকবে রান র্যাবিট রান, মর্টকামিংস, দ্য স্ট্রল, আ থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান প্রভৃতি সিনেমার দিকে। সানডান্সের এবারের উৎসব শেষ হবে ২৯ জানুয়ারি।
ছবি ও সূত্র: রোলিং স্টোন










