ক্লোজআপওয়ান-খ্যাত সংগীতশিল্পী খাদিজা হোসেইন লোপা হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘সুবহান আল্লাহ’। গানটি লেখার পাশাপাশি সুর করেছেন সীরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। এরই মধ্যে গানের রেকর্ডিংয়ের কাজ শেষ। এতে লোপার সঙ্গে গেয়েছেন বেলাল খান।
লোপা জানান, লকডাউন শেষ হলেই গানটির মিউজিক ভিডিওর কাজ করা হবে। প্রকাশ হবে লোপার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘লোপা হোসেইন’-এ। এর আগেও এ চ্যানেলে বেশকিছু গান প্রকাশিত হয়েছে। সর্বশেষ সীরাজুম মুনিরের লেখা ইসলামিক গান ‘আল্লাহু আল্লাহু’ প্রকাশিত হয়েছে। এদিকে সীরাজুম মুনিরের লেখা ও সুর করা ‘আত্মাসঙ্গী’ গানটির মিউজিক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে। আত্মাসঙ্গীতে আসিফের সঙ্গে গেয়েছেন লোপা। গানটি প্রকাশ পাবে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। লোপা ‘সামান্য সম্বল’ গানের জন্য সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন বলে জানান। গানটি লেখা জুলফিকার রাসেলের, সুর বেলাল খানের। এছাড়া ‘ঝরা পাতার কাব্য’ গানটাও শ্রোতারা খুবই পছন্দ করেছেন। এটি লেখা ও সুর করা সীরাজুম মুনিরের। গত ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত গানের অনুষ্ঠান ‘স্মৃতির সুরভী গানে গানে’ অনুষ্ঠানে উপস্থাপনা করেন লোপা। একজন গায়িকা হিসেবেই শুধু নয়, সংবাদ পাঠিকা ও উপস্থাপিকা হিসেবেও বেশ সমাদৃত লোপা হোসেইন।










