বাংলা চলচ্চিত্রের সোনালি অধ্যায়ের নায়িকা শাবানা। তিন দশকের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নায়িকা। তারপর আর পর্দায় ফেরেননি। পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

তবে দেশের প্রতি টান কখনোই কমেনি তার। মাঝেমধ্যেই দেশে আসেন তিনি। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে ঢাকায় আসেন শাবানা। সে সময় সুযোগ পেলে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, তার স্বামী—সরকারি কর্মকর্তা ও প্রযোজক ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা আবারও চলচ্চিত্র প্রযোজনায় ফিরবেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে শাবানা ও ওয়াহিদ সাদিক প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশন। তাদের প্রযোজনায় ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা তৈরি হয়েছিল।

দীর্ঘ বিরতির পর এবার দেশে ফিরেছেন শাবানা, তবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। নীরবে, সংবাদমাধ্যমের আড়ালেই কাটাচ্ছেন সময়।