ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় ‘টু গাজা ফ্রম ঢাকা’ চ্যারিটি কনসার্টে গাইবেন ব্যান্ড ও সংগীতশিল্পীরা। আজ কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে হাতিরঝিলের ‘এম্ফিথিয়েটার’ মঞ্চে। ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে।
এ কনসার্টে গাইবে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি ও মুনফ্লাওয়ার। এছাড়া পরিবেশনায় থাকছেন মাশা ইসলাম, র্যাপার শাফায়েত, গায়ক আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য ও আহমেদ হাসান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ এবং গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
আয়োজকরা জানান, এ কনসার্টের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না শিল্পীরা। বরং টিকিট বিক্রি ও অনুদানের সংগৃহীত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এ দেয়া হবে, যাতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো যায়।
আয়োজকরা বলেন, ‘আমরা মনে করি, গাজায় যেভাবে ইসরাইলি বাহিনী গণহত্যা চালাচ্ছে, তা অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক। দ্রুততম সময়ে গাজায় চলমান গুলি ও বোমাবর্ষণ বন্ধ করা উচিত। সেই সঙ্গে যুগ যুগ ধরে ফিলিস্তিন রাষ্ট্রের ওপর যে নিপীড়ন চলছে, তার প্রতিবাদও আমরা এ কনসার্ট থেকে জানাতে চাই। টু গাজা ফ্রম ঢাকা মূলত একটি খোলা চিঠি। বাংলাদেশের শিল্পীরা, গাজার সাধারণ মানুষকে বলতে চায়, এ যুদ্ধে তারা একা নয়।’
‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ নামের এ প্লাটফর্মের মুখপাত্র হিসেবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী। এছাড়া আরো অনেক স্বেচ্ছাসেবক এ প্লাটফর্মে যুক্ত আছেন। ফিলিস্তিন ছাড়াও পৃথিবীর সব জায়গার গণহত্যার বিরুদ্ধে কথা বলবে এ প্লাটফর্ম।৷
কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন। এরই মধ্যে ইব্রাহীমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন তিনি।










