এ বছরের শুরুতে মহাকাশে শুটিং করার বিষয়ে টম ক্রুজের উদ্যোগ নিয়ে বেশ হইচই হয়েছিল। একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবির শুটিং মহাকাশে করার ব্যাপারে টম আলোচনা করেন নাসা ও ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের সঙ্গে। এখন রুশরা একই রকম পরিকল্পনা শুরু করেছেন। তারা খুঁজছেন একজন অভিনেত্রীকে, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে একটি ছবির কিছু দৃশ্য শুট করবেন। ছবির নাম সম্ভবত চ্যালেঞ্জ।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রুশ নির্মিতারা তাদের ছবির শুটিং ২০২১ সালের অক্টোবরে শুরু করতে চান। ইতিহাসে প্রথমবার মহাকাশে চলচ্চিত্রের শুটিং করার লক্ষ্য নিয়ে হাত মিলিয়েছে রাশিয়ার চ্যানেল ওয়ান, দেশটির স্পেস এজেন্সি রসকোমোস এবং প্রডাকশন কোম্পানি ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।

রসকোমোস তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো প্রকল্প নিয়ে বিশদ জানিয়েছেন—রসকোমোস, চ্যানেল ওয়ান রাশিয়া এবং ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও প্রথমবার মহাকাশে কোনো ছবির শুটিং করবে এবং ছবির নাম ‘ভিজোভ’, ইংরেজি ভাষায় যা চ্যালেঞ্জ। ছবিটি পরিচালনা করবেন রুশ পরিচালক ক্লিম শেপেংকো। এ বড় বাজেটের ছবির প্রযোজনা করবেন দিমিত্রি রোগোজিন, কনস্ট্যান্টিন আর্নেস্ট, সার্গেই টিটিনকোভ প্রমুখ। ছবির কিছু দৃশ্য ধারণের জন্য ২০২১ সালে শরতে রুশ স্পেসক্র্যাফট ‘সয়াজ এমএস’-এ মহাকাশ যাত্রা করা হবে। বর্তমানে ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ছবির বিস্তারিত—শুটিং এর প্রযুক্তিগত সামর্থ্য, কাস্ট—নিয়ে আলোচনা চালাচ্ছে। ছবির মুখ্য চরিত্র এবং আরো অনেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন এবং তাদের উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে। ছবির নামটি অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। এ ছবির মাধ্যমে রাশিয়ার মহাকাশ গবেষণাকে জনপ্রিয় করা এবং নভোচারীদের পেশাকে মহিমান্বিত করার চেষ্টা করা হবে।’

ছবির নির্মাতারা কোনো অপরাধের রেকর্ড নেই এমন একজন নারী অভিনেত্রী খুঁজছেন, যার বয়স ২৪-৪০ এর মধ্যে। তাকে পেশাদার অভিনেত্রী হতে হবে এমনটা নয়, নির্মাতারা তাই নতুনদের মধ্য থেকেও কাউকে বাছাই করতে পারেন। তবে তাকে যেহেতু মহাকাশে যেতে হবে তাই তার ওজন, উচ্চতা ও কিছু শারীরিক সক্ষমতার বিষয়ে নির্দিষ্ট মানদণ্ড পূরণ হতে হবে।

 

সূত্র: ডিএনএ