বাংলা ভাষাসহ বাংলার নানা কিছু শিখতে শিশুদের উৎসাহী করতে এবং শেখাতে অ্যাপ্লিকেশন বেজ একটি প্লাটফর্ম চালু হয়েছে, যার নাম ‘বাংলা ইস্কুল’। তারই প্রচারের কাজে উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন এ সংগীতশিল্পী। সেখানে দেখা যাচ্ছে, তিনি উপস্থাপনা করছেন এবং তার অতিথি হিসেবে আছেন রুবাবা দৌলা।
উপস্থাপনার বিষয়ে বাপ্পা বলেন, ‘উপস্থাপনা করছি একটা দায়বদ্ধতা থেকে। প্রবাসীদের জন্য এটি খুবই ভালো একটি কাজ হবে। ওখানে তো বাংলা শেখার সহজ উপায় নেই। বাবা-মায়েরা তাদের সন্তানকে এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে বাংলা শেখাতে পারবেন। দেশেও যারা শেখাতে চান তারাও পারবেন।’
তিনি আরো বলেন, ‘শিশুদের উপযোগী করে এটি বানানো হয়েছে। এর বিভিন্ন কনটেন্ট বানানো হয়েছে গেমের মতো করে। শিশুরা যেন খেলার ছলে শিখতে পারে বা আগ্রহী হয়, সেটা গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।’ এমন আরো চারটি পর্বে অতিথিকে নিয়ে উপস্থাপনা করতে দেখা যাবে বাপ্পাকে। বাপ্পা মজুমদার জানান, অ্যান্ড্রয়েড মোবাইলে এটি সহজেই ইনস্টল করা যাবে। তিনি এ কাজে কোনো দায়িত্বে নেই। তবে কাজটি ভালো লেগেছে, এজন্য নিজের ইচ্ছায়ই উদ্যোগটির সঙ্গে রয়েছেন তিনি।










