জেমস গানের এ বছরের সিনেমা সুপারম্যান। এতে অভিনয় করেছিলেন ডেভিড কোরেন্সওয়েট ও র্যাচেল ব্রশনাহান। সিনেমাটি দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসে আয় খুব বেশি না হলেও সন্তোষজনক। তবে সিনেমাটির সিক্যুয়াল আসবে কিনা এ নিয়ে অনেকের সন্দেহ ছিল। তবে তার নিরসন হলো। আনুষ্ঠানিকভাবেই জানানো হলো, সুপারম্যানের সিক্যুয়াল আসবে ও তা ২০২৭ সালের জুলাইয়ে মুক্তি পাবে।
গতকাল (বুধবার) জেমস গান তার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন। তিনি জানান সুপারম্যানের সিক্যুয়ালের নাম হবে ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’। তিনি লেখেন, সিনেমাটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তি পাবে। এ ঘোষণার সঙ্গে তিনি সুপারম্যান কমিক বুকের একটি ছবি ব্যবহার করেছেন। এতে সুপারম্যান ও লেক্স লুথরকে দেখা যায়। লুথর তার ওয়ার স্যুট পরে আছেন। ধারণা করা হচ্ছে, লুথরের সঙ্গে সুপারম্যানের লড়াইয়ের গল্পই প্রাধান্য পাবে নতুন সিনেমাটিতে।









