এবারের ঈদে বেশকিছু নাটক নিয়ে আসছে সিএমভি। প্রায় সবই প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রতিটি নাটকই নির্মাণ হচ্ছে জনপ্রিয় ও প্রতিভাবান নির্মাতাদের হাত ধরে। আর অভিনয়ও করছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল অভিনেতা-অভিনেত্রী। সে প্রজেক্টের অংশ হিসেবেই ঈদে থাকছে আরেকটি নতুন নাটক। নাম ‘মাধবীলতা’। অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কত ঘটনাই ঘটে। তবে সব ঘটনাকে ছাপিয়ে এ ঘটনা একেবারেই ব্যতিক্রম, যা দেখা যাবে ঈদের বিশেষ নাটক মাধবীলতায়।

প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই। আর তাতে প্রধান দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জোভান ও পায়েল।

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এ নাটকে দেখা যাবে, প্রেমিকা কেয়া পায়েলকে পেতে প্রেমিক জোভানের জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে। সেটি কী, জানতে হলে দেখতে হবে পুরো নাটক।

গল্পের শুরুতে দেখা যাবে, ফেসবুক চ্যাটিং করে একে অন্যের প্রেমে পড়ে যান জোভান ও কেয়া পায়েল। প্রেমের গভীরতা যখন বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় তখন জোভান আবিষ্কার করেন পায়েলের এক নতুন জটিলতা। যেটার কথা শুনে জোভানের পরিবার বেঁকে বসে। শুরু হয় প্রেমিকাকে পাওয়ার জন্য জোভানের অন্য রকম আত্মত্যাগের প্রক্রিয়া।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, মাধবীলতা নাটকটি উন্মুক্ত হবে আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে। নাটকটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্মাতারা।