আলবেনিয়ার সংগীতশিল্পী দুয়া লিপা। সংগীত বা নাচের পারফরম্যান্সে তিনি দর্শকশ্রোতা মাতিয়ে রাখেন। গত কয়েক বছরে তরুণদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছেন ২৮ বছর বয়সী এ শিল্পী। সম্প্রতি তিনি ভারত সফর করলেন। ভারতে অবস্থান করে তিনি দেখেছেন দেশটির সৌন্দর্য। পরিচিত হয়েছেন ভারতের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে। গতকাল দুয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে সফর-অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি ভারতের প্রতি তার ভালোবাসা ও ভারতের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুয়া তার ইনস্টাগ্রামে ভারত সফরকালের কিছু ভিজুয়াল পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি নিজেকে এতই সৌভাগ্যবান মনে করছি যে বছরের শেষটা ভারতে কাটালাম। এখানকার অসাধারণ সব মানুষকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। ভালোবাসা, উদারতা ও চমৎকার আতিথেয়তা পেলাম আমি।’ ভারতের আতিথেয়তার কথা সবসময়ই সেখানে যাওয়া ব্যক্তিরা বলেন। দুয়ার জন্যও এ ছিল দারুণ এক অভিজ্ঞতা। বিষয়টি তাকে প্রভাবিত করেছে। তিনি আরো লেখেন, ‘আমার জন্য এ অভিজ্ঞতা বিশেষ ও অর্থবহ।’

দুয়া লিপা ভারত সফর করেছেন তার পরিবারের সঙ্গে। এর মধ্যে তিনি থেকেছেন দিল্লির বাংলো সাহিবে। এছাড়া ঘুরে বেড়িয়েছেন যোধপুরে। পরিবারের সঙ্গে ভ্রমণের কারণে তিনি ভারতকে আরো পছন্দ করেছেন। দুয়ার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, তিনি রাজস্থানে আছেন। সেখানে তিনি রাজস্থানের স্থানীয় একটি পানীয় পান করছেন। এর সঙ্গে ছিল একটি ভিডিও। সেখানে কালবেলিয়া নামে স্থানীয় নৃত্যশিল্পীদের দেখা যায়। আরো ছিল একটি হাতির সামনে দাঁড়িয়ে থাকা ছবি ও একটি বাঘের ভিডিও। এটি মূলত রাজস্থানের টাইগার স্যাংচুয়ারি। 

এছাড়া দুয়া পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন রাজস্থানের নানা স্থানে। এর মধ্যে ছিল ডেজার্ট সাফারি এবং দেখতে গিয়েছেন রাজস্থানের স্থানীয় শিল্পীদের নাচ। পরিবারের সঙ্গে পুরো সময় উপভোগ করা নিয়ে তিনি লিখেছেন, ‘এ জাদুর দেশে আমার পরিবারের সঙ্গে কাটাতে পারাকে সৌভাগ্যের বিষয় মনে করি। নিজেদের নতুন করে সময় দেয়ার পাশাপাশি খুঁজে বেড়িয়েছি অনেক কিছু, যা আমাদের শক্তি বাড়িয়েছে।’

এ ভিজুয়ালগুলো পোস্ট করার আগেও দুয়া তার ইনস্টাগ্রামে ভ্রমণের বেশকিছু ছবি পোস্ট করেছিলেন। তার বাবা দুকাজিন লিপাও নিজের ইনস্টাগ্রামে কয়েকটা ছবি পোস্ট করেছিলেন। এভাবে বছর শেষ করে দুয়া দারুণ খুশি। নতুন বছর নিয়ে তিনি লিখেছেন, ‘নতুন বছরের জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস