বর্তমান সময়ে এসে অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা সব মাধ্যমেই কাজ করেন। আর অনেকে আছেন যারা কেবল বড় পর্দা নিয়েই ব্যস্ত থাকতে চান। দেশের বিনোদন দুনিয়ার নিয়মিত মুখ আশনা হাবিব ভাবনাও এবার তার রুপালি দুনিয়ার বর্তমান পরিকল্পনার কথা জানালেন। সামনে আসতে যাচ্ছে তার বেশকিছু সিনেমা। এরই মধ্যে ‘দামপাড়া’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন।
বর্তমান কাজ ও সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে ভাবনা বলেন, ‘দামপাড়া মূলত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর আমাদের অস্তিত্বের গল্পের সিনেমা। সত্যি বলতে কী মুক্তিযুদ্ধে যে পুলিশেরও বিশেষ অবদান আছে, তাই এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমার বাবার পরিচালিত সিনেমা ‘যাপিত জীবন’ তো বলা যায় আমারই সিনেমা। বাবার সঙ্গে আমিও অনেক শ্রম দিচ্ছি, কষ্ট করছি। কারণ সিনেমাটি নিয়ে বাবার যেমন স্বপ্ন, তেমনি আমারও স্বপ্ন। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে না দেয়া পর্যন্ত আমার নিজের মনেই আসলে শান্তি কাজ করবে না।’
অন্যদিকে প্রায় সাত মাস ধরে ভাবনা রায়হান খান পরিচালিত ‘পায়েল’ সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ সিনেমা নিয়ে ভাবনা বলেন, ‘আমি মনে করি, পায়েল সিনেমাটি ফর্মুলা মুভি বা কমার্শিয়াল মুভি বলতে যা বোঝায় ঠিক তাই। আমি এতে নাম ভূমিকায় অভিনয় করেছি। কয়েক মাস ধরে এ সিনেমার কাজ চলছে। পায়েল নিয়েও অন্য রকম স্বপ্ন আমার। এ সিনেমায় দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখবেন।’
আসন্ন সিনেমাগুলো মুক্তি প্রসঙ্গে ভাবনা উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘সহজ করে বলতে গেলে আমার বিশ্বাস, ২০২৪ সালটি হবে আমার অভিনয়জীবনের অন্যতম সেরা সময়। হতে পারে তিনটি সিনেমাই আগামী বছর মুক্তি পাবে। সামনের বছরটি ঘিরে আমার অনেক স্বপ্ন। অনেক কিছুই আমি প্রত্যাশা করছি। দেখা যাক, কী আছে ভাগ্যে।’
এরই মধ্যে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের পুলিশ সুপার এম শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আর শামসুল হকের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মাহমুদা হক চৌধুরী। দামপাড়া সিনেমায় অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দামপাড়ায় আমি বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতের চরিত্রে অভিনয় করেছি। সত্যি বলতে মাহমুদা হক চৌধুরীর চরিত্রটি আমার খুব আপন মনে হয়েছে। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সিনেমার শুটিংয়ের আগে আমি তার সঙ্গে কয়েকবার দেখা করেছি। এমনকি শুটিংয়ের সময়ও তিনি থেকেছেন। আমি তার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি।’
অন্যদিকে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত যাপিত জীবন সিনেমার কাজ শেষ। বর্তমানে এ সিনেমার মিউজিকের কাজ চলছে বলে জানালেন ভাবনা। পাশাপাশি ভালো গল্প পেলে ওয়েবমাধ্যমেও অভিনয় করার কথা জানান এ অভিনেত্রী।
আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও ছবি আঁকা নিয়েও সময় কাটান। তার লেখা একাধিক বই প্রকাশ পেয়েছে। আর কিছুদিন পরই বইমেলা। লেখকদের প্রাণের এ মেলা নিয়ে ভাবনা জানান, আগামী বইমেলায় তার নতুন উপন্যাস আসবে ‘মিজান পাবলিসার্স’ থেকে। আপাতত উপন্যাসের কাজ নিয়েই ব্যস্ত ভাবনা।










