শিশুদের সড়ক নিরাপত্তার নিয়ম অনুসরণে সচেতন ও উৎসাহী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিসিমপুর। চলমান ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট’ (ডিআরএসপি)-এর আওতায় শিশুদের মধ্যে নিরাপদে সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার এ কার্যক্রম বাস্তবায়ন হবে। ডিআরএসপি প্রকল্পে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ২০২২ সালের মার্চ থেকে জাইকা টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএমপি। তিন বছর মেয়াদি এ প্রকল্পের মূল লক্ষ্য রাজধানী ঢাকায় সর্বাত্মক সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা বাড়ানো।
এ উপলক্ষে গতকাল ডিএমপি ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর ডিএমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও ডিআরএসপি প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মুনিবুর রহমান ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
সিসিমপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক এ চুক্তির আওতায় রাজধানী ঢাকার শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক পারাপারের অভ্যাস গড়ে তুলতে বিনোদনের মাধ্যমে শিশুদের উপযোগী নানা ধরনের শিক্ষণীয় ও সচেতনমূলক ভিডিও নির্মাণ করবে সিসিমপুর। এছাড়া এ-বিষয়ক নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম চলানো হবে, যার মধ্যে থাকবে শিশুদের উপযোগী লিফলেট, রোড সাইন, স্টোরিবোর্ড ও নিরাপদে সড়ক পারাপারবিষয়ক বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ। এ উদ্যোগের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে এ কার্যক্রম আরো ব্যাপক ও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।










