গতকাল অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত বায়োগ্রাফিকাল ওয়ার ড্রামা শেরশাহ। কারগিল যুদ্ধে প্রাণ দেয়া ভারতীয় সেনা কর্মকর্তা বিক্রম বাত্রার জীবনীনির্ভর ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই বলিউডে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত হচ্ছে একের পর এক রিভিউ। কম-বেশি সবাই ছবির প্রশংসা করছে।
ইতিবাচক রিভিউয়ের চেয়ে সিদ্ধার্থের জন্য সবচেয়ে বড় চমকটি বোধহয় দিলেন স্বয়ং বলিউড বাদশাহ। শেরশাহের একটি পোস্টার শেয়ার করে শাহরুখ খান ছবিটি নিয়ে তার মন্তব্য করেছেন এভাবে, ‘কোনো মানুষ যদি এমন কিছু খুঁজে না পায়, যার জন্য সে মরতে পারে তাহলে সে বেঁচে থাকার অর্থ হারায়—কিং জুনিয়র (মার্টিন লুথার কিং জুনিয়র)। কারগিল যুদ্ধের কিংবদন্তি নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী পর্দায় দেখে এ উক্তির অর্থ বোঝা যায়। সিড (সিদ্ধার্থ মালহোত্রা) দারুণ কাজ করেছে, শেরশাহ দেখুন।’
অবশ্য এখানেই শেষ নয়। শাহরুখ খানের এ মন্তব্য রিটুইট করেছেন ছবির প্রযোজক করণ জোহর, সঙ্গে লিখেছেন, ‘ভালোবাসি ভাই! শেরশাহের টিম আপনার এ মন্তব্য পড়ে খুবই আনন্দিত! ধন্যবাদ।’
সিদ্ধার্থ মালহোত্রা নিজেও শাহরুখের টুইট শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।
মহামারীর পরিপ্রেক্ষিতে সিনেমা হল এড়িয়ে শেরশাহ মুক্তি দেয়া হয়েছে ওটিটি স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইমে। হিন্দুস্তান টাইমস সিদ্ধার্থের অভিনয়ের প্রশংসা করলেও পরিচালক বিষ্ণুবর্ধনের অদক্ষ পরিচালনা ও অভিনেত্রী কিয়ারার উচ্চারণের সমস্যার সমালোচনা করেছেন। ছবিতে অপ্রয়োজনীয় রোমান্টিক ভাব আনারও সমালোচনা করেছে পত্রিকাটি। আরেক গণমাধ্যম ডিএনএ অবশ্য সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনীয়তায় এসব ছাড় দিতে রাজি। তবে তাদের মত, যুদ্ধের আগ্রাসী ভাবটি ঠিক আসেনি। নয়তো এটি বলিউডের সেরা ওয়ার ফিল্মগুলোর একটি হতো অনায়াসে।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও ডিএনএ










