নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত সাম্প্রতিক প্রযোজনা মূকনাট্য (মাইমোড্রামা) ‘ম্যাকবেথ’। নাটকটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চায়ন হবে নাটকটি। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয়রীতিতে নির্মিত ব্যতিক্রমী প্রযোজনা ম্যাকবেথের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা, ক্ষমতালিপ্সা ও অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড ও পরিশেষে তারও একই পরিণতি হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ।
সারা বিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানামতে, ব্যবহারিক গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ম্যাকবেথই প্রথম। নাটকটির সারসংক্ষেপ হলো ম্যাকবেথ নামে একজন সৈনিক তিনটি ডাইনিকে দেখতে যায়। যারা তাকে বলে সে রাজা হবে। ম্যাকবেথ তার স্ত্রীর সাহায্যে রাজাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে এবং রাজত্ব গ্রহণ করে।
সে দ্রুত একজন সাধারণ সৈনিক থেকে অত্যাচারিতে পরিণত হয়। তার মধ্যে অপরাধবোধ বাড়তে থাকে। পুরো নাটকে ম্যাকবেথকে অপরাধের মধ্যে ডুবে থাকতে দেখা যায়। ম্যাকবেথের স্ত্রী একসময় আত্মহত্যা করে। শেষে ম্যাকবেথকেও মুণ্ডু কেটে হত্যা করা হয়।
স্বপ্নদল প্রযোজিত এ নাটকের অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা শবনম, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, সোনালী, রানা, শফিক, হিমেল প্রমুখ। আগামীকাল প্রযোজনাটির ১৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফিতে ছিলেন হাসানুজ্জামান, পোশাকসামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।










