দে শের জনপ্রিয় নাট্যদল বাতিঘর। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’-এর গল্প অবলম্বনে বাতিঘরের ১৫তম প্রযোজনা মাংকি ট্রায়াল। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মাংকি ট্রায়ালের প্রদর্শনী। নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল।
গত বছরের ৩১ ডিসেম্বর এ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছিল। নাটকটি মূলত ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনা অবলম্বনে জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির লেখা গল্পের নাট্যরূপ মঞ্চায়ন করছে থিয়েটার বাতিঘর।
গল্পে দেখা যায়, ১৯২৫ সালে আমেরিকার হিলস বোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটসের ওপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন, যা পাবলিক স্কুলের শিক্ষকদের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। বার্ট্রাম কেইটস তৎকালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের দায়ে জেলখানায় বন্দি করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি ও বার্ট্রাম কেইটস পক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। লেখক, সাংবাদিক ও সমালোচক ইকে হর্ন বেকের রিপোর্টিংয়ের মাধ্যমে মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে। বিচার প্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। এ ধরনের বিতর্ক আজও অব্যাহত রয়েছে। মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় ও পুরো বিশ্বের নজর কাড়ে।
নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, রাজা আকনসহ বাতিঘরের নাট্যকর্মীরা।










