মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে, বাঙালির চিরচেনা এ ভাবনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ইলেকট্রোমার্টের গ্লোবাল ব্র্যান্ড গ্রি এসির এ বিজ্ঞাপন। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
বিজ্ঞাপনের গল্পটি শুরু হয় এক মধ্যবিত্তের ড্রয়িংরুমে। স্ক্রিনে দেখা যায়, এক মা তার কাল্পনিক সাত-আট বছরের ছেলেকে বকা দিচ্ছেন। মায়ের অভিযোগ, ‘কত টাকা বেতন পাস তুই? হ্যাঁ? ছোটবেলায় এর চেয়ে গরমে ঘুমাস নাই? ফ্যান না চললে হাতপাখার বাতাসে ঘুমাইছে সবাই। আমাকে না জানাইয়া এসি কিনা নিয়া আসছে। কী দরকার ছিল এত খরচ করার?’
এতটুকু ছেলে আবার বেতন পায় কীভাবে! এ নিয়ে একটু খটকা লাগতে পারে দর্শকের। এরপর ছেলেটি মায়ের অজান্তেই রিমোট চেপে এসি চালু করে দেয়। মুহূর্তেই এক স্নিগ্ধ শীতল বাতাস এসে ছুঁয়ে যায় মাকে। বাতাসে মায়ের চুল আলতো করে ওড়ে। শীতল বাতাসে মায়ের সব ক্লান্তি যেন উবে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি। মা বলে ওঠেন, ‘খুব বড় হয়ে গেছিস, তাই না?’
এর পরই আসে বিজ্ঞাপনের সেই চমকপ্রদ মুহূর্ত। ক্যামেরা ঘুরে ছেলের দিকে যেতেই দেখা যায়, সেখানে কোনো শিশু নেই। বসে আছে অফিস পোশাকে এক পূর্ণবয়স্ক যুবক। সে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। ছেলের হাসিমুখ দেখে মা বলেন, ‘একদম বাপের মতো বেহিসাবি।’ তখন মা-ছেলে দুজনের মুখেই এক অনাবিল হাসি।
বিজ্ঞাপনটি প্রকাশের পর পরই দর্শকের হৃদয় ছুঁয়েছে। গল্পটি খুব সাধারণ হলেও আবেগের দিক থেকে অত্যন্ত গভীর। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে সে সবসময়ই ছোট, এখানে এ ভাবনা দর্শকের ভালো লেগেছে।









