টিভি পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ওয়েব কনটেন্ট দিয়েও দর্শককে মুগ্ধ করেছেন। গত বছরের সব কাজ নিয়েই আলোচনায় ছিলেন এ নির্মাতা। বছরের শুরুতেও দিলেন নতুন কাজের খবর। ওটিটি প্লাটফর্মের জন্য ভিকি নির্মাণ করতে যাচ্ছেন ‘এক্সট্রা’ নামের নতুন কনটেন্ট। এটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, যাতে অভিনয় করবেন সাবিলা নূর। আর সাবিলার বিপরীতে দেখা যাবে নিলয় আলমগীরকে।
ভিন্নধর্মী নির্মাণে দর্শক মহলে পরিচিত ভিকি জাহেদ। আসন্ন ওয়েব কনটেন্টটি নিয়ে জানতে চাইলে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এ সময়ে এসে অনেকেই ভিউয়ের দিকে নজর দেন। তবে আমি কখনই কার ভিউ কত তা বিবেচনা করে কখনো কাজ করি না। আমার গল্প ও চরিত্রের সঙ্গে যে শিল্পীকে সবচেয়ে বেশি মানায় তাকে নিয়েই কাজ করতে পছন্দ করি। এ গল্পের দুটি চরিত্রে নিলয় আর সাবিলাকেই সবচেয়ে বেশি মানাবে বলে আমার ধারণা। সে জায়গা থেকেই তাদের কাস্ট করা হয়েছে। আমার মনে হয় দর্শক এ কনটেন্টের মধ্য দিয়ে নতুন কিছু দেখতে পাবে।’
নিয়মিত থ্রিলারধর্মী কনটেন্ট নির্মাণ করার কারণ জানতে চাইলে ভিকি জাহেদ বলেন, ‘আসলে করোনার পর থেকেই আমি নিয়মিত নাটক নির্মাণ করছি। সব ধরনের কাজ করলেও থ্রিলার একটু বেশি করেছি। থ্রিলার ধারার কাজ কিছুটা কম ছিল সে সময়টায়। সে জায়গা থেকে আমার মনে হয়েছে, ভালো থ্রিলার নিয়ে কাজ করলে মানুষ দেখবে। আর যেহেতু জনরাটা নিয়ে আমাদের দেশে ওভাবে কাজ করা হয়নি বলা যায়। ওই ভাবনা থেকেই ২০২০ সালে আমি “জন্মদাগ” নাটক নির্মাণ করেছিলাম। এরপর পুনর্জন্ম, কায়কোবাদ, রেডরাম করলাম। থ্রিলার নির্মাণের সময় দর্শকের সঙ্গে আলাদা একটা অনুভূতি কাজ করে আমার। মনে হয় আমি আর দর্শক লুকোচুরি খেলছি। আমি চেষ্টা করি, যে জনরার কাজ করি, সেটায় যেন কিছু না কিছু থ্রিল থাকে। বলা যায়, এটা আমার কাজের একটা বৈশিষ্ট্য।’
ভালোবাসা দিবসে দেশের নন্দিত চার নির্মাতা আর দর্শকপ্রিয় কলাকুশলীদের নিয়ে বঙ্গ নির্মাণ করছে চারটি ভালোবাসার গল্প। ‘লাভ স্টোরিজ’ নামের সে প্রজেক্টের একটি এ ‘এক্সট্রা’। বঙ্গর সিনিয়র কনটেন্ট ম্যানেজার ইয়াসির আরাফাত এ নিয়ে বলেন, ‘এক্সট্রা কনটেন্টটি নির্মিত হচ্ছে বিশ্বজিৎ চৌধুরীর “স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’’ বইয়ের “আমাদের সানিয়া মির্জা’’ গল্প অবলম্বনে। গল্পের নামই যেহেতু সানিয়া মির্জাকে নিয়ে, আর তিনি একজন বিশ্বসেরা টেনিস প্লেয়ার, ফলে গল্পটিও বোধ হয় টেনিস খেলাকে কেন্দ্র করে, এমন ভাবনা আসতেই পারে। তবে বিষয়টি একদমই তেমন নয়। এখানে টেনিস খেলা নেই, বরং রয়েছে ক্রিকেট খেলা। যেখানে নিলয়কে দেখা যাবে সবসবয় “এক্সট্রা’’ প্লেয়ার হিসেবে থাকা এক তরুণের চরিত্রে। আর সাবিলাকে দেখা যাবে এমন এক চরিত্রে, যাকে এলাকার লোক সানিয়া মির্জা বলে ডাকে।’
এর আগে সাবিলা ও নিলয়কে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথমবার ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে তাদের। একসঙ্গে ওয়েব কনটেন্টেও দেখা যাবে সাবিলা ও নিলয়কে। নাটকের পাশাপাশি একাধিক ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সাবিলা নূর। অন্যদিকে নিলয় আলমগীরকে ছোট পর্দাতেই বেশি দেখা যায়। ভিকি জাহেদ থ্রিলারধর্মী কাজ করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন। সাবিলা ও নিলয়ের গল্পটা থ্রিলারধর্মী নাকি ভালোবাসার গল্পের সঙ্গে থ্রিলারের সে বিষয়ে জানতে চাইলে এড়িয়ে জান নির্মাতা। সাবিলা নূর ও নিলয়ের কাছে জানতে চাইলে তারা জানান, ভিকি জাহেদের সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা অবশ্যই আনন্দের। তবে গল্প নিয়ে এখন কথা বলা যাবে না। নির্মাতার মতো এ দুই অভিনেতাও রহস্য রাখছেন ‘এক্সট্রা’ নিয়ে। মুক্তির পরই জানা যাবে এ দুই অভিনেতাকে নিয়ে কী রহস্য নিয়ে হাজির হচ্ছেন ভিকি জাহেদ।










