নোরা ফাতেহির ফ্যাশন নিয়মিত বিরতিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। তাকে অনেকে বলেন বলিউডের কুইন অব লাক্সারি। তার পোশাক, ব্যাগসহ নিত্যনতুন স্টাইল একদিকে অভিনব, অন্যদিকে দামি। ইনস্টাগ্রামে তার নতুন নতুন স্টাইলের ছবি ভক্তদের মাতিয়ে রাখে। বর্তমানে তিনি তার ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবির প্রচারণায় ব্যস্ত। আর তাতে নোরাকে ইদানীং দেখা যাচ্ছে ভারতীয় সাজপোশাকে এবং তাতেও নিজের সৌন্দর্য দিয়ে চমকে দিচ্ছেন ভক্তদের।
সম্প্রতি হালকা হালকা সবুজ রঙের চিকনকারি আনারকলি পোশাকে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন নোরা। আনারকলি পোশাকের সঙ্গে ছিল চিকনকারি কাজ করা ওড়না। ডিজাইনার অঞ্জুলা ভান্ডারির কালেকশনের এ আনারকলির দাম ১ লাখ ২৫ হাজার রুপি। অঞ্জুলা ভান্ডারি ভারতে চিকনকারি নিয়ে কাজ করে প্রশংসিত। নোরার আনারকলিতে ভারি কাজ না থাকলেও ওড়নাটিতে ফুটে উঠেছে অঞ্জুলার দক্ষতা। নোরার কানে ছিল রুবির দুল।
আনারকলি কিংবা চিকনকারির প্রতি নোরা ফাতেহির আকর্ষণ অবশ্য নতুন নয়। তাকে মাঝে মাঝেই দেখা যায় চিকনকারি কাজ করা পোশাকে।
নোরার আনারকলি নিয়ে আলোচনা চলতে না চলতেই গতকাল স্টাইল বদল করে ফটোশুট করেছেন ভিনটেজ প্যান্টস্যুটে। লেদার করসেট আর ভিনটেজ মনোটোন প্যান্ট ছিল তার পরনে। তবে এসব ছেড়ে সবার দৃষ্টি পড়েছে তার পায়ে থাকা জুতো জোড়ায়। ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান লুবোটনের জুতা ছিল নোরার পায়ে। এ জুতো জোড়ার দাম ৭৭৫ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ হাজার রুপি।
ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন নোরা। এতে তাকে দেখা যাবে এক গুপ্তচরের চরিত্রে। ছবিতে আরো আছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা। ছবিটি মুক্তি পাবে ১৩ আগস্ট।
সূত্র : ইন্ডিয়া টুডে










