দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ঝিলিক। দুজনই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

এর আগে তারা দুজন একসঙ্গে গান গেয়েছেন। তাদের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ সময় পর আবার তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। নতুন এ গানের মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সৈকত রেজা। 

গীতিকার জামাল হোসেন বলেন, ‘‌ইমরান ও ঝিলিক দুজনই এখন জনপ্রিয় শিল্পী। দুজনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের শ্রোতাদের এক করার জন্যই গানটি করছি। এর কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।’ এর আগে গত বছর ইমরানের কণ্ঠে জামাল হোসেনের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘‌আমার আর ইমরানের বেসামাল গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারো নতুন গান নিয়ে আসছি। এ গানও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি।’

গানটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই এটি প্রকাশ করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। 

২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে ভালোবাসার লাল গোলাপ" চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন ইমরান। অন্যদিকে, একই বছর চ্যানেল আই সেরা কণ্ঠ নির্বাচিত হওয়ার পর থেকেই গানকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন ঝিলিক।