রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছে অতিপ্রাকৃত ভৌতিকধর্মী চলচ্চিত্র সিনার্স। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রায়ান কুগলার।

অন্যদিকে সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সমালোচকদের মতে, সাহিত্যভিত্তিক গল্পকে নতুন রূপে পর্দায় উপস্থাপনের ক্ষেত্রে ছবিটি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে।

টেলিভিশন বিভাগেও কয়েকটি ধারাবাহিক বিশেষভাবে আলোচিত হয়েছে। চিকিৎসাবিষয়ক নাট্যধর্মী ধারাবাহিক ‘দ্য পিট’ জিতেছে সেরা নাট্যধর্মী ধারাবাহিক এবং সেরা নতুন ধারাবাহিক-এ দুই গুরুত্বপূর্ণ পুরস্কার। অন্যদিকে বিনোদনধর্মী ধারাবাহিক ‘দ্য স্টুডিও’ পেয়েছে সেরা কৌতুকধর্মী ধারাবাহিকের সম্মান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুকাভিনেতা রয় উড জুনিয়র। সাধারণত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে একযোগে অনুষ্ঠিত হয়। তবে এ বছর লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান বাতিল করেছে রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্ট। কারণ সংগঠনটির কর্মীরা এখনো ধর্মঘটে রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে রাইটার্স গিল্ড স্টাফ ইউনিয়নও ধর্মঘটে রয়েছে। তাদের দাবি, উচ্চতর বেতন ও কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ন্যায্য কারণের নিশ্চয়তা।

নিউইয়র্কের ওই অনুষ্ঠানে এ বছরের বিশেষ সম্মাননা হিসেবে ‘ওয়াল্টার বার্নস্টেইন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্টি। গিল্ড সদস্যদের মধ্যে সৃজনশীলতা, মর্যাদা ও সাহসিকতার সঙ্গে সামাজিক অবিচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিকে দেয়া হয় এ সম্মাননা।

কোলবার্টের জন্য সময়টি কিছুটা আবেগঘনও ছিল। কারণ তার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য লেইট শো উইথ স্টেফেন কোলবার্ড’ সম্প্রতি বন্ধ করার ঘোষণা দিয়েছে সম্প্রচারমাধ্যম সিবিএস। নেটওয়ার্কটির দাবি, টেলিভিশন শিল্পের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও অনেক বিশ্লেষকের মতে, রাজনীতি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে কোলবার্টের অবস্থানও এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আপাতত সিবিএস রাতের অনুষ্ঠানগুলোয় নতুন মৌলিক কনটেন্ট তৈরি থেকে সরে আসছে।

পুরস্কার গ্রহণের সময় কোলবার্ট তার অনুষ্ঠানের জন্য লেখা, কিন্তু সম্প্রচার না হওয়া কয়েকটি কৌতুকও শোনান। ট্রাম্পকে ঘিরে একটি মন্তব্যের প্রসঙ্গে তিনি জানান, দর্শকের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, কেন শেষ পর্যন্ত সেই কৌতুকটি প্রচার করা হয়নি।

এ সময় তিনি তার লেখক দলের কথাও স্মরণ করেন। কোলবার্ট বলেন, ‘প্রতিদিনের সংবাদমাধ্যমের নানা উত্তেজনা ও অস্থিরতার মধ্যেও তার দলের লেখকরা সৃজনশীলতা দিয়ে নতুন ধারণা তৈরি করেছেন।’ অনুষ্ঠানের শেষে তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘লেখকদের সেই সৃজনশীল ঘরে কাজ করার অভিজ্ঞতা একবার পেলে মানুষ সবসময়ই সেখানে ফিরে যেতে চাইবে। সবচেয়ে কঠিন হবে প্রতিদিন সেই প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করার সুযোগটি হারিয়ে ফেলা।’

এবারের রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডস আবারো স্পষ্ট করে দিয়েছে যে চলচ্চিত্র ও টেলিভিশনের সাফল্যের কেন্দ্রে থাকে শক্তিশালী গল্প ও গভীর ভাবনার চিত্রনাট্য। নির্মাতা ও অভিনয়শিল্পীরা পর্দায় সেই গল্পকে জীবন্ত করে তুললেও তার ভিত্তি গড়ে দেন চিত্রনাট্যকাররাই।