এ প্রজন্মের দর্শকপ্রিয় নায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। জান্নাতের পর সাইমন অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বিরতির পর আবারো আগামী ৯ সেপ্টেম্বর সাইমন সাদিক অভিনীত শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমায় তিনি মিলন চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। এ সিনেমায়ও যথারীতি তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

সাইমন-মাহি জুটির প্রথম ব্যবসাসফল সিনেমা ছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। এ সিনেমা দিয়েই জুটি হিসেবে সাইমন-মাহি দর্শকের ভালো লাগায় পরিণত হয়। সে জুটিরই সিনেমা ‘লাইভ’ মুক্তি পাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। সিনেমাটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘লাইভ সিনেমার একেবারে শেষের দিকে আমি টানা ১৬ মিনিট এক টেকে অভিনয় করে গিয়েছি। এর আগে কোনো সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে আমার এমন হয়নি। আমাকে যথেষ্ট ধৈর্য নিয়ে শেষের দিকে এ অভিনয় করতে হয়। পরিচালকসহ পুরো ইউনিট আমাকে দারুণ সহযোগিতা করেছিলেন। সিনেমাটি সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে। এক্ষেত্রে প্রচারণার প্রতি প্রযোজনা সংস্থার বিশেষভাবে মনোযোগ দেয়া জরুরি বলেই মনে করি।’

এদিকে আজ সাইমন সাদিকের জন্মদিন। সাইমন জানান, সেপ্টেম্বরের শুরুতে সাধারণত জন্মদিন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেও থাকেন, আবার নাও করতে পারেন। সবকিছু সময়ের ওপর নির্ভর করে। সাইমন বলেন, ‘জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন।’ সাইমন অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরী’, ‘অশ্রু ঘর’, ‘গ্যাংস্টার’, ‘জলরঙ’, ‘নরসুন্দর’।